থানায় শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তা নিয়োগ দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আয়োজিত এক সেমিনারে আলোচকেরা বলেছেন, দেশে প্রায় ১৩ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। এই শিশুদের অনেকেই শারীরিক, মানসিক ও যৌন নিপীড়নের শিকার। এই ধরনের শিশুদের সুরক্ষায় তাই প্রতিটি থানায় শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া দরকার।
গতকাল রাজধানীর ডেইলি স্টার ভবনে আজিমুর রহমান সম্মেলন কক্ষে ‘শিশুবান্ধব থানা ও শিশুশ্রম: বর্তমান পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এ কথা বলেন। সেন্টার ফর সার্ভিস অ্যান্ড ইনফরমেশন অন্য ডিজঅ্যাবিলিটি (সিআইডি), শাপলা নীড় ও ওয়ার্ল্ড ভিশন নামের তিনটি এনজিও যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
মূল প্রবন্ধে ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর সাবিরা সুলতানা বলেন, শিশু আইন ২০১৩-এর বিধি তৈরি ও অনুমোদন করে প্রতিটি থানায় একটি শিশুবিষয়ক ডেস্ক গঠন ও শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তা নিয়োগ করতে হবে। গৃহকর্মী সুরক্ষা আইন ও কল্যাণ নীতি অনুযায়ী নির্যাতিত শিশুকে পুলিশি সহায়তা দেওয়ার পাশাপাশি গৃহকর্মীর তথ্য ও ছবি থানায় সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণসচিব তারিক-উল-ইসলাম বলেন, সব থানায় শিশুবান্ধব ডেস্ক করার জন্য বলা হয়েছে। এসব ডেস্কে মহিলা পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব দিতেও বলা হয়েছে।
শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাসেম মাসুদ বলেন, শিশুশ্রম নিরসনে সরকার তিনটি প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রকল্পের মাধ্যমে ৯০ হাজার শিশুকে শ্রম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নাট্যব্যক্তিত্ব ইনামুল হক বলেন, ‘আমার বিশ্বাস, আমরা যেভাবে অর্থনৈতিকভাবে এগোচ্ছি, তাতে একটা সময় শিশুশ্রম থাকবে না। অভাব না থাকলে শিশুশ্রম নিয়ে এমন সেমিনার করারও প্রয়োজন হবে না।’
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নীনা স্যান্নাল বলেন, যেসব শিশু শারীরিক নির্যাতনের শিকার হয় আসক তাদের আইনি সহায়তা দেওয়া হয়। সভাপতির বক্তব্যে সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম বলেন, আইনে শিশুবান্ধব থানা থাকার কথা থাকলেও বাস্তবে তা নেই।