থানায় সাংবাদিকের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত দায়িত্ব পালনের সময় গতকাল শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভেতরে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের কয়েকজন সমর্থক ওই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সাংবাদিকের নাম পনির ভূঁইয়া। তিনি স্থানীয় খবর প্রতিদিন ও একটি অনলাইন পত্রিকার সোনারগাঁ উপজেলা প্রতিনিধি।আহত সাংবাদিক জানান, একটি রাজনৈতিক দলের স্থানীয় কয়েকজন নেতা উপজেলার দৌলরদী গ্রামের চাঁদাবাজি মামলার আটক আসামিদের তদবির করে থানার হাজত থেকে ছাড়িয়ে আনতে যান। তিনি ওই তদবিরকারীদের নাম-ঠিকানা সংগ্রহ করতে গেলে দৌলরদী গ্রামের আওয়ামী লীগের সমর্থক কামাল হোসেন, জাকারিয়া ও সালাউদ্দিন থানার ভেতরে তাঁকে মারধর করে পরনের টি-শার্ট ছিঁড়ে ফেলেন। পুলিশের কয়েকজন সদস্য ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘থানার ভেতরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। আমি বিষয়টি মীমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ অভিযুক্ত কামাল, জাকারিয়া ও সালাউদ্দিন আওয়ামী লীগের সমর্থক বলে তিনি জানিয়েছেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।কামাল হোসেনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ধরেননি।