থানায় সিভিল টিম নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোনো থানাতেই সিভিল টিম (সাধারণ পোশাকের পুলিশ দল) আর কর্তব্য পালন করতে পারবে না। গতকাল বুধবার ডিএমপির সদর দপ্তরে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএমপির সূত্র জানায়, গতকাল দুপুরে ডিএমপির সদর দপ্তরে ওই বৈঠকে ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ এ সিদ্ধান্ত নেন। এতে ডিএমপির অপরাধ বিভাগ ও গোয়েন্দা পুলিশের উপকমিশনার থেকে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ডিএমপির কোনো থানাতেই সিভিল টিম আগের মতো আর দায়িত্ব পালন করবে না। থানার প্রত্যেককেই পুলিশের পোশাক পরে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে এলাকার বাইরে যেতে হলে সংশ্লিষ্ট বিভাগের উপকমিশনারের অনুমতি নিয়ে যেতে হবে পুলিশ দল বা সদস্যকে। সাধারণ পোশাকে কোনো অভিযান চালানোর দরকার হলে তা ওই বিভাগের পুলিশের উপকমিশনারের পূর্ব অনুমতি নিতে হবে। পুলিশ সদস্যরা এসব না মেনে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়লে তাঁকে শাস্তি পেতে হবে।
সাম্প্রতিক সময়ে সাধারণ পোশাকে র্যাব এবং পুলিশ পরিচয়ে অপহরণ ও গুমের ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশের ঊর্ধ্বতন মহলে বিষয়টি আলোচনায় আসে।