থানায় হাজির 'মৃত' সীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার পুলিশের উদ্ধার করা এক নারীর লাশকে নিজের মেয়ে সীমা আক্তারের বলে শনাক্ত করেছিলেন সীতাকুণ্ডের এক নারী। হাসপাতালের মর্গ থেকে লাশ বুঝে নিয়ে দাফনও করা হয়। এ ঘটনায় দায়ের করা হয় হত্যা মামলা। কিন্তু লাশটি দাফনের চার দিন পর গত রোববার জোরারগঞ্জ থানায় হাজির হন ‘মৃত’ সীমা আক্তার।
সীমা আক্তার থানায় হাজির হওয়ার পর জানা গেল উদ্ধার করা লাশটি তাঁর নয়। এ ঘটনায় বেকায়দায় পড়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আরেফুল ইসলাম বলেন, ‘সীমা আক্তার রোববার নিজে থানায় এসে বিষয়টি আমাদের জানিয়েছেন। তাঁর মায়ের ভুলের কারণে এমনটি হয়েছে। আমরা উদ্ধার করা লাশের ব্যাপারে নতুন করে তদন্ত শুরু করছি। দেশের সব থানায় ওই লাশের ছবি পাঠানো হয়েছে।’
প্রসঙ্গত, ১৭ ডিসেম্বর পুলিশ এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করে। পরদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশটি শনাক্ত করা হয়। সীতাকুণ্ডের ইয়াকুবনগর গ্রামের রোকেয়া আক্তার লাশটি তাঁর মেয়ে সীমা আক্তারের বলে দাবি করেন। পরে পুলিশ লাশটি ওই পরিবারের কাছে হস্তান্তর করে।
পুলিশ জানায়, ২০ ডিসেম্বর রাতে সীমা আক্তারের মা রোকেয়া মুঠোফোনে পুলিশকে জানান তাঁর মেয়ে বাড়িতে ফিরে এসেছেন। পরে রোববার দুপুরে সীমা থানায় হাজির হন। রোকেয়া আক্তার বলেন, ‘লাশটি দেখে আমার মেয়ের মতোই মনে হয়েছিল। তাই আমি বুঝতে পারিনি। এখন আমার মেয়ে ফিরে আসায় বুঝতে পারছি ওই লাশ আমার মেয়ের নয়।’ সীমা বলেন, ‘আমি চট্টগ্রামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করি। মায়ের কাছে আমার মোবাইল নম্বর না থাকায় বিষয়টি এত দূর গড়িয়েছে। ঘটনার সময় তিন দিন মায়ের সঙ্গে যোগাযোগ না থাকায় এমনটি হয়েছে।’
জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান জানান, মামলাটি আবার তদন্ত করতে হবে। সীমার মায়ের জন্য পুলিশকে একটু সমস্যায় পড়তে হলো।