রাজশাহী নগরের বেপরোয়া পুকুর ভরাটের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে গত তিন মাসে তিনটি মামলা করা হয়েছে। এর আগেও নগরে পুকুর ভরাটের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। তার পরও পুকুর ভারাট থেমে নেই।
সর্বশেষ গত জুলাই মাসে নগরের বোয়ালিয়া থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন পরিবেশ অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের পরিদর্শক মকবুল হোসেন। এই মামলায় নগরের মুন্সিডাঙ্গা এলাকার ফাহিম মুন্সীকে বিবাদী করা হয়েছে। তিনি অবৈধভাবে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) আওতাধীন বোয়ালিয়া থানার সাগরপাড়া মৌজার আরএস ১২৯ ও ৩০ দাগের পুকুরটি ভরাট করেছেন। গত ১২ জুন পুকুরের ভরাট করা অংশ পুনঃখনন করে দপ্তরকে জানাতে বলা হয়। এর জবাবে ফাহিম মুন্সী জানান, এটি পুকুরের পাড় ও রাস্তা। জনস্বার্থে ও পরিবেশ রক্ষার্থে মাটি ফেলে জনগণের চলাচলের উপযোগী করা হয়েছে। পুকুরটি ভরাটের উদ্দেশ্যে মাটি ভরাট করা হয়নি।
তাঁর জবাব গ্রহণযোগ্য নয় বলে ৩০ জুনের মধ্যে পূর্ববর্তী নির্দেশ পালন করতে বলা হয়। এর পরও পুকুরের মালিক আরডিএর নির্দেশ পালন করেননি বা কোনো জবাব দেননি।
২৩ জুলাই সরেজমিনে পুকুরে গিয়ে দেখা যায়, পুকুরটির প্রায় ৭০ ভাগ ভরাট করে ফেলা হয়েছে। অবশেষে পরিবেশ সংরক্ষণ আইনে ২৩ জুলাই নগরের বোয়ালিয়া থানায় অভিযোগ করা হয়। পুলিশ পরের দিন ২৪ জুলাই মামলাটি রেকর্ড করে।
এর আগে নগরের সাগরপাড়া মৌজার মাইক্রোবাস স্ট্যান্ড-সংলগ্ন পুকুরটি ভরাট করার অভিযোগে এর মালিক মঞ্জুর ফারুক চৌধুরীর নামে ২৩ জুলাই বোয়ালিয়া থানায় অন্য একটি মামলা করা হয়েছে। এ মামলাটিও করেছেন মকবুল হোসেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, পুকুরটি ভরাটের অভিযোগে মালিককে গত বছরের ১১ মার্চ নোটিশ দেওয়া হয়। জবাবে মালিক পুকুরটিকে ডোবা হিসেবে আখ্যায়িত করেন। কিন্তু বাস্তবে সেটি এক বিঘা আয়তনের পুকুর ছিল। ভূমি রেকর্ডে ওই জমির শ্রেণি ‘পুকুর’ হিসেবে উল্লেখ রয়েছে। তাঁর জবাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৮ মার্চ পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়, কোনোভাবেই এটি ভরাট করা যাবে না। তবে ১০ জুন পুকুরটি ভরাটের জন্য নতুন করে অধিদপ্তরে আবেদন করেন। তা সদর দপ্তরে পাঠানো হলেও কোনো অনুমতি পাওয়া যায়নি।
২৪ মে অধিদপ্তরের পক্ষ থেকে পরিদর্শন করে দেখা যায়, পুকুরটির ভরাট কার্যক্রম সম্পন্ন করে টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। ২৬ মে বোয়ালিয়া থানায় একটি মামলা করা হয়। মামলাটি ২৩ জুন রেকর্ড করা হয়।
তৃতীয় মামলাটি করা হয়েছে নগরের রেশমপট্টি এলাকার রামপুর মৌজার আরএস ৫৮০ দাগে অবস্থিত পুকুরটি ভারাটের অভিযোগে। এই মামলায় বোয়ালিয়া পাড়ার গোলাম কিবরিয়াসহ সাতজনকে বিবাদী করা হয়েছে। এ মামলার বাদীও পরিদর্শক মকবুল হোসেন। একইভাবে নোটিশ দিয়ে জবাব সন্তোষজনক না হওয়ায় গত ২৪ এপ্রিল নগরের বোয়ালিয়া থানায় অভিযোগ করা হয়। মামলাটি গত ১ মে রেকর্ড করা হয়।
এর আগে ২০১০ সালে রাজশাহী মহানগর উন্নয়ন মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত নগরের জলাশয়গুলো তিন মাসের জন্য ভরাটের স্থগিতাদেশ দেন হাইকোর্ট। রাজশাহীর পরিবেশবাদী সংগঠন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহাবুব সিদ্দিকীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। এই রিটের এখনো নিষ্পত্তি হয়নি। তার পরও রাজশাহী নগরের বিভিন্ন এলাকায় পুকুর ভরাট চলছে।