থামতে জানে না ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসারের খরচ জোগাতে হিমশিম খান বৃদ্ধ বাবা রেণু বিশ্বাস। তাই বাবাকে কখনো পেয়ারা বা কখনো লেবু বিক্রিতে সহায়তা করে আনন্দ বিশ্বাস। আর নরসিংদীর শিবপুরের আসাদুল হকের সংসারের আয় বলতে ছিল শুধু মায়ের বিধবা ভাতা। তাই টিউশনি করে সংসারে জোগান দিতে হতো আসাদুলকে। তবে অভাব-অনটন দমাতে পারেনি আনন্দ ও আসাদুলকে। দুজনই এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে।
শিবপুরের আবদুল মান্নান ভূইয়া আদর্শ বিদ্যালয়ের বিজ্ঞান শাখার ছাত্র আসাদুল হক উপজেলার দত্তেরগাঁও এলাকার সাফিজ উদ্দিনের ছেলে। আর আনন্দ বিশ্বাস মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চবিদ্যালয় ভোকেশনাল শাখা থেকে পাস করেছে।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সিরাজদিখানের রশুনিয়া বাজারে গিয়ে দেখা যায়, রেণু বিশ্বাস লেবু বিক্রি করছেন। পাশেই আনন্দ বসে আছে। তাঁদের বাড়িতে গিয়ে দেখা যায়, মা শেফালী রাণী বিশ্বাসের মুখ মলিন। ছেলের সাফল্যের পরও চিন্তা তাঁর পিছু ছাড়ছে না। জানতে চাইলে শেফালী বলেন, ‘পোলাডার চিন্তায় নাওয়া-খাওয়া নাই। এখনো পোলাডায় ভর্তি হইতে পারল না। তার স্বপ্ন ভালো ফল করব। তারপর ঢাকায় পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হইব। কিন্তু তার বাবার পক্ষে তো ঢাকায় রেখে এত টাকা খরচ কইরা পড়াশোনা চালানো সম্ভব না। পোলাডারও মন খারাপ।’
পারিবারিক সূত্রে জানা যায়, আনন্দরা তিন ভাই ও এক বোন। বড় ভাই প্রেমানন্দ সিলেটে ডিপ্লোমা করছেন। একমাত্র বোন রিতা বিশ্বাস সপ্তম এবং সবার ছোট ভাই গোপাল বিশ্বাস ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
আনন্দ বিশ্বাস বলে, ‘স্বপ্ন ছিল বড় হয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হব। কিন্তু সেই স্বপ্ন যেন ফিকে হতে বসেছে।’
আসাদুলের পরিবার সূত্রে জানা গেছে, সাত ভাই ও এক বোনের মধ্যে আসাদুল পঞ্চম। দুই বছর আগে বাবা মারা যাওয়ার পর থেকে বড় ভাইয়েরা আলাদা থাকছেন। মা জাহেরা বেগম, ছোট ভাই শহীদুল হক ও ছোট বোন সুমাইয়া আফরিনকে নিয়ে এখন আসাদুলদের সংসার। এর মধ্যে শহীদুল নবম ও সুমাইয়া ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। বর্তমানে পরিবারে উপার্জন করার মতো কেউ না থাকায় মায়ের বিধবা ভাতা আর নিজের টিউশনির টাকায় সংসার ও ছোট ভাইবোনদের পড়ালেখা চালিয়ে যাচ্ছে আসাদুল।
মা জাহেরা বেগম বলেন, ‘ছেলেডা অনেক কষ্ট কইরা পড়ালেহা করছে। স্কুলের মাস্টাররা অনেক উপকার করছে। অনেক ইচ্ছা থাকলেও কলেজে ভর্তি করানোর মতো অবস্থা আমার নাই। মাইনষে যদি সহযোগিতা করে, তাইলে আমার বাবায় পড়ালেহা করতে পারব।’
আসাদুল হক বলে, ‘বড় হয়ে প্রকৌশলী হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু এখন কলেজে ভর্তি হওয়াই অনিশ্চিত মনে হচ্ছে।’