সাভারে ধসে পড়া রানা প্লাজায় বুলডোজার, হাইড্রোলিক হ্যামার আর ভারী যন্ত্রের গর্জন থেমে গেলেও থামেনি নিখোঁজ ব্যক্তিদের জন্য স্বজনদের কান্না। গতকাল বুধবারও নিখোঁজ স্বজনের খোঁজে অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠ ও ঘটনাস্থলে ভিড় করেছিলেন অনেকে। তাঁদের বুকফাটা কান্নায় চোখে পানি ধরে রাখতে পারেননি অনেকে।
গত সোমবার উদ্ধার অভিযান শেষ হয়েছে। এরপর ঘটনাস্থল কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। উদ্ধারকাজ শেষে ঢাকা জেলা প্রশাসন অধরচন্দ্র উচ্চবিদ্যালয় ছেড়ে দেওয়ায় সেখানে চলছে ধোয়ামোছার কাজ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশীদ গতকাল জানান, ১৮ মে থেকে আগামী ৬ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি হওয়ার কথা ছিল। কিন্তু রানা প্লাজার ধ্বংসস্তূপে উদ্ধার অভিযানের কারণে ২০ দিন বিদ্যালয় বন্ধ থাকায় ওই ছুটি বাতিল করা হয়েছে। আগামী শনিবার থেকে নিয়মিত ক্লাস চলবে।
গত ২৪ এপ্রিল সকালে ধসে পড়েছিল সাভার বাসস্ট্যান্ড এলাকার নয়তলা ভবন রানা প্লাজা। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা লাশ প্রথমে আনা হতো অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ে। লাশ শনাক্ত হলে স্বজনদের কাছে হস্তান্তর করা হতো এবং শনাক্ত না হলে পরে পাঠিয়ে দেওয়া হতো মর্গে। তাই উদ্ধার অভিযান চলাকালে বিদ্যালয় হয়ে উঠেছিল স্বজনদের ঠিকানা। স্বজনদের কাছে লাশ হস্তান্তরের জন্য জেলা প্রশাসনের সংগ্রহ করা ৭৬টি কফিন গতকালও ছিল বিদ্যালয়ের মাঠে।
লাশের জন্য বিদ্যালয় ও মাঠে স্বজনদের অবস্থান গতকাল দেখা না গেলেও খোঁজ নিতে এসেছিলেন অনেকে। সেখানে কাউকে না পেয়ে তাঁরা কান্নায় ভেঙে পড়েন। তাঁদের একজন সাভার পৌর এলাকার বাড্ডার আবদুল আজিজ। একমাত্র ছেলে শাওন কাজ করতেন রানা প্লাজার চতুর্থ তলায়। নিখোঁজ ছেলের লাশের খোঁজে এসেছিলেন তিনি। গতকালও আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘মনে হয় আমার ছেলে এইখানেই আছে। তাই বারবার ছুইটা আসি।’
নিখোঁজ সাইদুলের লাশের খোঁজে অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ে আসা মামা শাহাবুদ্দিন ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমরা কোনো সাহায্য চাই না, যেকোনো মূল্যে লাশ চাই।’
‘আম্মু কোতায় আচে বলো না’: রানা প্লাজার নিউ ওয়েব বটমে কাজ করতেন সিরাজগঞ্জের আবুল কালামের স্ত্রী মমতাজ বেগম। তাঁর লাশও পাননি স্বজনেরা। সকাল ১০টার দিকে মমতাজের তিন মেয়ে মিম (৭), হাসি (৫) ও খুশিকে (৩) নিয়ে তাদের নানি কহিনুর বেগম এসেছিলেন বিদ্যালয়ের মাঠে। মাঠে এসেই মিম বায়না ধরে তার মাকে খুঁজে দিতে। বারবার নানিকে উদ্দেশ করে সে বলছিল, ‘নানি আমার আম্মু অফিসে গেচে আর আসে না ক্যা, তুমি না আম্মুকে নিতে আইচ, আম্মু কোতায় আচে বলো না।’
ঘটনাস্থলেও উৎসুক জনতার সঙ্গে দেখা যায় নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের। কাঁটাতারের বেড়ার বাইরে থেকে দেখছেন ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা স্থানটি। নিখোঁজ ব্যক্তিদের স্বজনসহ উৎসুক জনতা ভবনটির মালিক সোহেল রানাকে ধিক্কার জানান, তাঁর দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা ৫৯টি লাশের মধ্যে দুজনের পরিচয় পাওয়ার পর তাঁদের লাশ সোমবারই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সাভার উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ওই দিন থেকে নতুন করে নিখোঁজ ব্যক্তিদের তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়।
সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্লা জানান, গতকাল পর্যন্ত ২২৫ জনের তালিকা করা হয়েছে। এটি অব্যাহত থাকবে। পরে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।
ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় এক হাজার ১১৫টি লাশ। জীবিত উদ্ধার করা দুই হাজার ৪৩৮ জনের মধ্যে ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর মধ্যে ১৭তম দিনে সর্বশেষ জীবিত উদ্ধার করা হয়েছিল রেশমাকে। স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে ৮৩৬টি। শনাক্ত না হওয়া ২৩৪ জনের লাশ রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।