থামেনি ভাঙন, ক্ষতিগ্রস্তরা সাহায্য পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের লাখিরচর আশ্রয়ণ প্রকল্প এলাকায় ধলেশ্বরী নদীর ভাঙন থামেনি। তবে এখন ভাঙনের মাত্রা কিছুটা কম। এদিকে গতকাল সোমবার এক চিকিৎসক ব্যক্তিগত উদ্যোগে নদীভাঙনে আশ্রয়হীন ৪০টি পরিবারকে দুই লাখ টাকা অনুদান দিয়েছেন।
লাখিরচর প্রকল্পের আওতায় ২০০৬ সালে ১০টি ব্যারাকে ১৬০টি পরিবারের জন্য আধা পাকা ও টিনশেডের ঘর তৈরি করা হয়। গত ১৫ দিনে ধলেশ্বরী নদীর ভাঙনে আশ্রয়ণ প্রকল্পের চারটি ব্যারাকের ৪০টি পরিবারের ঘর বিলীন হয়েছে। বাকি ১২০টি পরিবারের ঘর হুমকির মুখে। গত শনিবার প্রথম আলোয় ‘শেষ বেলায় নিঃস্ব মমতাজ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
সরেজমিনে দেখা যায়, দুই দিন ধরে নদীভাঙনের মাত্রা কম। আশ্রয়ণ প্রকল্প সমবায় সমিতির সভাপতি আবদুস সামাদ বলেন, দুই দিন ধরে ভাঙনের তীব্রতা কম থাকলেও জায়গা ভাঙন থেমে নেই। বাকি জায়গাটুকুতে স্লাব ফেলে বাঁধ দেওয়া না হলে এসব জমিও নদীতে চলে যাবে।
হনুফা বেগম বলেন, ‘নদী আমগো ঘরবাড়ি সব খাইছে। অহন আমরা পরের বাড়িতে থাকি। বাকি জায়গাটুকু যুদি নদীতে চইল্যা যায়, তয় আমরা কার বাড়িতে থাকুম। সরকার জায়গাগুলা বান দিলে আমগো উপকার অইব।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের একজন নারী চিকিৎসকের পক্ষ থেকে গতকাল দুপুরে আশ্রয়হীন ৪০টি পরিবারকে পাঁচ হাজার করে দুই লাখ টাকা অনুদান দেওয়া হয়। প্রথম আলোর সংবাদ দেখে ওই চিকিৎসক এ পদক্ষেপ নেন। তবে তিনি তাঁর পরিচয় প্রকাশ করতে চাননি। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান টাকা বিতরণ করার সময় এ তথ্য দেন।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা অন্ধ প্রতিবন্ধী মতি মোল্লা (৪৮) সাহায্য পেয়ে বলেন, ‘আপনেরা আমগো সাহায্য দিয়া যে উপকার করছেন, এটা আমরা ভুলবার পারুম না। আমগো ঘরবাড়ি নদীতে আর যাতে না যায়, এই জন্য সরকার একটু মেহেরবানি করলে আমরা বাইচ্যা যাই।’
ইউএনও বলেন, এ আশ্রয়ণ প্রকল্পে যাদের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে, তাদের পর্যায়ক্রমে নতুন ব্যারাক নির্মাণ করে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হবে। এ ছাড়া নদীভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা মোশারফ হোসেন, সাহায্য অর্থ প্রদানকারীর প্রতিনিধি হাফেজ আবদুল আল মামুন, মাহবুবুল হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।