থিকথিকে কাদা, দুর্ভোগে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের হাতিগারা-কদিমুকুন্দ সড়কের থিকথিকে কাদায় দুর্ভোগে ছয় গ্রামের বাসিন্দা। ছবিটি সড়কের হাতিগারা গ্রাম এলাকা থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো
শেরপুরের হাতিগারা-কদিমুকুন্দ সড়কের থিকথিকে কাদায় দুর্ভোগে ছয় গ্রামের বাসিন্দা। ছবিটি সড়কের হাতিগারা গ্রাম এলাকা থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো

বগুড়ার শেরপুরে শাহবন্দেগী ইউনিয়নে হাতিগারা-কদিমুকুন্দ সড়কের থিকথিকে কাদার জ্বালায় ভোগান্তি পোহাচ্ছেন এ সড়ক দিয়ে চলাচলকারী ছয় গ্রামের কমপক্ষে দুই হাজার পরিবার। বর্ষায় সড়কটিতে প্রায় এক হাঁটু কাদা মাড়িয়ে চলাচল করতে হয় এসব গ্রামের অধিবাসীদের। মানুষগুলোর এ দুর্ভোগ কয়েক যুগ ধরে।
ভোগান্তির শিকার গ্রামগুলো হলো হাতিগারা, বাঘমারা, রাজবাড়ী, দড়িমুকুন্দ, খোট্টাপাড়া ও কদিমুকুন্দ। গ্রামগুলোর অধিকাংশ পরিবার শ্রমজীবী।
গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, প্রায় তিন কিলোমিটার দীর্ঘ হাতিগারা-কদিমুকুন্দ সড়কের দুপাশে ওই গ্রামগুলোর অবস্থান। এবারকার বর্ষার বৃষ্টিতে সড়কটি কাদায় পরিপূর্ণ হয়ে গেছে। এ ছাড়া সড়কটির দুপাশে রয়েছে পুকুর। এতে বিভিন্ন স্থানে সড়কের দুপাশ ধসে পুকুরে পড়ছে।
হাতিগারা গ্রামের বাসিন্দা নিত্য তাঁতি বলেন, প্রতিবছর বৃষ্টিতে সড়কজুড়ে কাদা হয়। এতে রাস্তাটি এত পিচ্ছিল হয় যে হাঁটাও যায় না। বছরের পাঁচটা মাস এ দুর্ভোগে পোহাতে হয়।
কদিমুকুন্দ গ্রামের কলেজপড়ুয়া ছাত্রী ইতি বর্মণ বলেন, ওই গ্রামের প্রায় প্রতিটি বাড়ির ছেলেমেয়েরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে। বৃষ্টিতে রাস্তাটি কাদায় ভরে থাকায় ছেলেমেয়েরা নিয়মিত স্কুল-কলেজেও যেতে পারে না।
রাজবাড়ী গ্রামের কৃষক মো. আলাউদ্দিন ও খোট্টাপাড়া গ্রামের আমিনুল ইসলাম বলেন, গ্রামের বেশির ভাগ পরিবার চাষাবাদের ওপর নির্ভরশীল। বর্ষার সময় গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে এই রাস্তা দিয়ে দ্রুত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়াও সম্ভব হয় না। তখন গ্রামের পল্লিচিকিৎসকই ভরসা।
ওই সব গ্রামের অন্তত ছয় বাসিন্দা অভিযোগ করেন, সড়কটিতে চলাচল করতে গিয়ে যে দুর্ভোগ পোহাতে হয়, তা নিয়ে তাঁরা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার ধরনা দিয়েছেন। রাস্তাটা পাকা করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন জনপ্রতিনিধিদের কেউ কেউ। কিন্তু আজ অবধি উন্নয়নের বিন্দুমাত্র ছোঁয়াও লাগেনি রাস্তাটিতে।
শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ওই গ্রামগুলোর লোকজনের রাস্তাটি দিয়ে চলাচলের সমস্যা তিনি উপজেলা সমন্বয় কমিটির সভায় তুলে ধরেছেন। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকেও বলেছেন। তবু কাজ হয়নি।
উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম বলেন, আগামী অর্থবছরে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ওই সড়কটির উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে প্রস্তাব পাঠাবেন। অনুমোদন পেলেই সড়কটির উন্নয়নে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।