থিম্পুতে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সার্ক গণতন্ত্র সনদ অনুমোদন
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে গণতন্ত্র সনদ অনুমোদিত হয়েছে। সার্ক গণতন্ত্র সনদে গণতন্ত্রের আদর্শ সমুন্নত রাখার পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিকাশে সদস্য দেশগুলো প্রত্যয় ব্যক্ত করেছে। গতকাল মঙ্গলবার ভুটানের রাজধানী থিম্পুতে সনদের খসড়া অনুমোদিত হয়। দক্ষিণ এশিয়ায় গণতান্ত্রিক শাসন বিকাশের লক্ষ্যে গত এপ্রিলে থিম্পুতে অনুষ্ঠিত ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে সার্ক গণতন্ত্র সনদের প্রস্তাব দেয় বাংলাদেশ। গত সেপ্টেম্বরে ঢাকায় এক বৈঠকে সনদের খসড়া চূড়ান্ত হয়। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল থিম্পুতে শুরু হওয়া ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি তাঁর বক্তব্যে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম বাড়ায় কৃষিখাতে উৎপাদন দ্বিগুণ করার ওপর জোর দেন।পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে গত সার্ক শীর্ষ সম্মেলনের পর কতটা অগ্রগতি হয়েছে, তা নিয়ে পর্যালোচনা হয়। বৈঠকে দক্ষিণ এশিয়া ফোরাম গঠনের লক্ষ্যে একটি স্টিয়ারিং কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ভারত হয়ে বাংলাদেশ ও নেপালের মধ্যে একটি পণ্যবাহী ট্রেন চলাচলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৈঠকে পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস, ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।