থিম্পুতে রাষ্ট্রপতিকে লালগালিচা সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল শুক্রবার ভুটান গেছেন। দেশটির রাজধানী থিম্পুর পারো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর সেখানে রাষ্ট্রপতিকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের আমন্ত্রণে এই সফরে গেছেন রাষ্ট্রপতি। স্থানীয় সময় বিকেল চারটা ৫০ মিনিটে রাষ্ট্রপতি পারো বিমানবন্দরে পৌঁছান। তাঁকে স্বাগত জানান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ও ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত জিশনু রায় চৌধুরী।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা খানমকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায় দুটি শিশু। বাংলাদেশের রাষ্ট্রপতিকে খাধার্স (আনুষ্ঠানিক স্কার্ফ) প্রদান করেন ভুটানের প্রধানমন্ত্রী। পরে তিনি তাঁর মন্ত্রিসভার সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতিকে পরিচয় করিয়ে দেন। বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনার পর রাষ্ট্রপতি হামিদকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহ থিম্পুর তাজ তাশি হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি এখানেই থাকবেন।
এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। রাষ্ট্রপতি, তাঁর পত্নী রাশিদা খানম ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী দ্রুক এয়ারের একটি ফ্লাইট বিকেল চারটায় (বাংলাদেশ সময়) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
সফরকালে রাষ্ট্রপতি আজ শনিবার ভুটানের রাজার সঙ্গে বৌদ্ধ মঠ তারিশছোদজং-এ এক বৈঠকে মিলিত হবেন। রাজার আমন্ত্রণে তাঁর বাসভবন লিংকানা প্রাসাদে এক নৈশভোজে অংশ নেবেন আবদুল হামিদ। এ ছাড়া রাজার পিতা সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুকের সঙ্গেও বৈঠক করবেন রাষ্ট্রপতি।