কলেজছাত্রী খাদিজা বেগমের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমের ছবি মুড়িয়ে তৈরি করা হয়েছে ডাস্টবিনের আদলে দুটি ঘৃণাস্তম্ভ। সেখানে লেখা রয়েছে, ‘আমাকে ব্যবহার করুন’, ‘থুতু ফেলুন’। সেখানে থুতু ফেলে তীব্র ঘৃণা প্রকাশ করলেন পথচারী থেকে শুরু করে সবাই।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়। খাদিজার ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন এ কর্মসূচির আয়োজন করে। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও যোগ দেন। উপস্থিত ছিলেন খাদিজার বাবা মাসুক মিয়াও।
আয়োজক সংগঠনের সভাপতি ফয়সল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যের এক পর্যায়ে খাদিজার বাবা আকুতি জানিয়ে বলেন, ‘খাদিজা, মা আমার সুস্থ হয়ে আবার আমার কোলে ফিরে আয়। মা রে, ফিরে আয় তুই আমার কোলে।’ তিনি বলেন, ‘আমার মেয়ের জন্য সব ধর্ম-বর্ণ ও দেশ-বিদেশের মানুষ চোখের পানি ফেলেছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’
সমাবেশে বক্তারা বলেন, খাদিজার ঘটনায় গোটা দেশ এখন প্রতিবাদমুখর। তনু, আফসানাদের মতো খাদিজার ঘটনাও যেন আড়ালে চলে না যায়। এ ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের আন্দোলন যেন চলতেই থাকে।
এদিকে বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা। গতকাল বেলা আড়াইটায় নগরের রিকাবীবাজার এলাকায় জেলা স্টেডিয়ামের সামনে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।
এর আগে গত সোমবার রাতে খাদিজার বাড়িতে যান সিলেট জেলা পরিষদের প্রশাসক মো. লুৎফুর রহমান। তিনি খাদিজার মা-বাবাকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাঁদের গ্রামের কাঁচা রাস্তাটি পাকা করে সেটি খাদিজার নামে নামকরণের আশ্বাস দেন।
৩ অক্টোবর সিলেটের এমসি কলেজের পরীক্ষা হল থেকে বের হওয়ার পর সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা বেগমকে প্রকাশ্যে কুপিয়ে মারাত্মক আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল আলম। খাদিজার সহপাঠী ও জনতা ধাওয়া করে বদরুলকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজার চিকিৎসা চলছে।
চিকিৎসকেরা সোমবার জানিয়েছেন, খাদিজার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। কিন্তু প্রতি মুহূর্ত উদ্বেগ নিয়ে কাটাচ্ছে খাদিজার পরিবার।