থুতুর বদলে মমতার পরশ
প্রায় দুই মাস পর গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ে গেল দিপা রানী দাস। ক্লাসও করল৷ কোনো সহপাঠী তার গায়ে থুতু দেয়নি৷ কটূক্তিও করেনি৷ যে প্রধান শিক্ষকের নির্দেশে সহপাঠীরা থুতু দিয়েছিল, সেই শিক্ষক-শিক্ষার্থীদের সামনে দিপার মাথায় হাত বুলিয়ে দিলেন৷ বললেন, ‘আর তোমাকে কেউ থুতু দেবে না, মা৷’
প্রধান শিক্ষক বীরেন্দ্র দাসের এ অনুশোচনা প্রকাশের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস পারভিন, সহকারী পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) খন্দকার সায়িদ আহমেদ ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাসিমা আক্তার উপস্থিত ছিলেন।
বীরেন্দ্র দাস কিশোরগঞ্জের কুলিয়ারচরের আলীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দিপা রাণী দাস ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেিণর ছাত্রী। প্রধান শিক্ষকের সঙ্গে দিপার বাবা জহর লাল দাসের বিরোধ ছিল। ওই ঘটনার সূত্র ধরে দুই মাস আগে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের শিখিয়ে দেন, জহর লালের পরিবারের সদস্যদের ঘৃণা করতে এবং দেখামাত্র থুতু দিতে৷ এর পর থেকে শিক্ষার্থীরা দিপাকে লক্ষ্য করে থুতু দিতে শুরু করে৷
এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘সহপাঠীর গায়ে থুতু দেওয়ার শিক্ষা দিলেন প্রধান শিক্ষক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর পুলিশ, উপজেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তর পৃথক তদন্তে নামে৷ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এক বিবৃতিতে তারা জড়িত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক এস এম আলমের নির্দেশে ইউএনও, পুলিশ সুপার আনোয়ার হোসেন খানের নির্দেশে সহকারী পুলিশ সুপার এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম মওলার নির্দেশে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গতকাল সকালে দিপার বাড়িতে যান৷ সেখানে তাঁরা পৃথকভাবে দিপা ও তার পরিবারের সদস্যদের কথা শোনেন। পরে দিপাকে বিদ্যালয়ে নিয়ে যান। দেখামাত্র প্রধান শিক্ষক দিপাকে কাছে টেনে নিয়ে আদর করেন৷
ইউএনও নার্গিস পারভিন বলেন, ‘আমাদের প্রথম কাজ ছিল, দিপার শিশুমন থেকে স্কুলভীতি দূর করা৷ এ কারণে প্রথমে আমরা তার বাড়িতে গেছি। হাতে বই তুলে দিয়ে স্কুলে নিয়ে এসেছি।’
সহকারী পুলিশ সুপার খন্দকার সায়িদ আহমেদ বলেন, ‘প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনটি পুলিশ সুপার আনোয়ার হোসেন খানের নজরে আসামাত্র ঘটনা তদন্ত করে তাঁকে জানানোর জন্য নির্দেশ দেন৷ শতভাগ সত্যতা পেয়েছি৷ চাইলে দিপার পরিবার মামলা করতে পারে৷’
সহকারী শিক্ষা কর্মকর্তা নাসিমা আক্তার বলেন, বিভাগীয় শাস্তির সুপারিশ করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে৷