থুতুর রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থুতু বিষয়টি সম্ভবত এরশাদের সবচেয়ে অপছন্দের জিনিস, বিশেষ করে ‘জনগণের থুতু’। কিন্তু থুতু যে তাঁর পিছু ছাড়ছে না কোনোভাবেই। ঘুমে বা জাগরণে—সব সময় মনে হয় তিনি এখন থুতুর আতঙ্কেই থাকেন! সব দলের অংশ গ্রহণ ছাড়া নির্বাচনে গেলে মানুষ তাঁকে থুতু দেবে, ফলে তিনি নির্বাচন বর্জন করেন। আবার সরকারকে সরাতে যেহেতু নির্বাচনের দরকার হয়, তাই ‘নির্বাচনে না গেলে মানুষ আমাকে থুতু দেবে’ বলে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন। এ দুটি ঘোষণার মধ্যে ব্যবধান ছিল মাত্র দিন সাতেক (১১ নভেম্বর ও ১৮ নভেম্বরের বক্তব্য)।

এরপর কিছুটা হলেও বেশি সময়ের জন্য তিনি সম্ভবত এই ভয় থেকে মুক্ত রাখতে পেরেছিলেন নিজেকে। কিন্তু ২ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই সম্ভবত এই আতঙ্ক আবার ভর করে তাঁর ওপর। ফলাফল যা হওয়ার তা-ই হয়েছে। ঢাকা-১৭ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার পরদিনই (৩ ডিসেম্বর) সংবাদ সন্মেলন করে বললেন, সব দল নির্বাচনে গেলে তিনি অংশ নেবেন বলেছিলেন। এখন যেহেতু সব দল যাচ্ছে না, তাই তিনিও যাবেন না।

থুতু যখন এরশাদকে তাড়িয়ে বেড়াচ্ছে, তখন তিনি আজ এটা বা কাল ওটা করবেন তাই তো স্বাভাবিক! সমস্যাটি যত না এরশাদের, তার চেয়ে বেশি সম্ভবত যাঁরা এরশাদকে নিয়ে টানাটানি করেন তাঁদের। কারণ থুতু-আতঙ্কে থাকা একজনকে তাঁরা বারবারই এর মুখে ঠেলে দিতে চাইছেন। এরশাদ তো তাও থুতুর ভয় পান। যাঁরা তাঁকে কাছে পেতে চান, তাঁদের সম্ভবত সেই ভয়ও নেই!

এরশাদ যখন নির্বাচনে আসার ঘোষণা দিলেন, যোগ দিলেন ‘সর্বদলীয় সরকারে’, তখন আওয়ামী লীগ-সমর্থকেরা কী আহ্লাদিতই না হয়েছিলেন। বিএনপিকে তো একা করা গেছে! তাঁরা এখন কী ভাবছেন, কে জানে! এরশাদের আজকের ঘোষণায় এখন বিএনপি বা তাদের সমর্থকেরা নিশ্চয়ই যারপরনাই উল্লসিত। সর্বদলীয় সরকার থেকে পদত্যাগ করলে তাদের ইচ্ছার ষোলোকলা পূর্ণ হবে। এরশাদকে নাকি বিশ্বাস করা কঠিন। এর পরও বিএনপির মূল্যায়ন হচ্ছে, এরশাদের এই ঘোষণায় একতরফা নির্বাচন আরও গ্রহণযোগ্যতা হরিয়েছে। কিন্তু ‘খচ্চর’ নিয়ে টানাটানির এই খেলা এখনই শেষ হওয়ার নয়। নির্বাচনকালীন সরকারের যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের তো বলেই দিয়েছেন যে লেটেস্টেরও লেটেস্ট রয়েছে। আর এরশাদের বিরুদ্ধে মঞ্জুর হত্যা মামলার শুনানি শেষ পর্যায়ে এসে দুই মাস পিছিয়েছে মাত্র, মামলাটি তো আর শেষ হয়ে যায়নি!