থেকে থেকে জ্বলছে সুন্দরবনের আগুন
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন পঁয়ষট্টি ছিলা এলাকায় গতকাল বুধবার বিকেলে আগুন লাগে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও সেখানে থেকে থেকে আগুন জ্বলছে।
আগুনে অন্তত পাঁচ একর বনভূমি পুড়ে গেছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মীরা আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা করছেন।
বন বিভাগ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল শেষ বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পঁয়ষট্টি ছিলা এলাকায় বনের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখেন বন বিভাগের কর্মীরা। সঙ্গে সঙ্গেই আগুন নেভানোর কাজ শুরু হয়। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. আরিফুল হক জানান, বনের প্রায় সাত-আট একর এলাকাজুড়ে বিক্ষিপ্তভাবে আগুনের ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছে। যেখানেই ধোঁয়ার কুণ্ডলী উঠছে, সেখানেই পানি ছিটানো হচ্ছে। ‘লাইন অব ফায়ার’ কেটে আগুন ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা করা হচ্ছে।
বন বিভাগের ধান সাগর স্টেশনের কর্মকর্তা এস এম এ বাকির মুঠোফোনে জানান, বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। এখনো ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়নি।
সুন্দরবন পূর্ব বিভাগের সংরক্ষিত নথি ও বিভিন্ন সময়ে বনে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন থেকে জানা যায়, সুন্দরবন পূর্ব বিভাগের অন্তর্গত শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বনভূমির উত্তর ও উত্তর-পূর্বাংশে কিছু নিচু এলাকায় প্রায় প্রতিবছর বসন্তের শেষে এবং গ্রীষ্ম মৌসুমের শুরুতে তীব্র বাতাস ও দাবদাহে আগুন লাগার ঘটনা ঘটে। এ নিচু এলাকায় বর্ষাকালে পানি জমে, শীতকালে শুকিয়ে যায়। এসব এলাকায় সাধারণত গুল্ম, ঘাস, লতাপাতা ও ঝোপজাতীয় গাছ দেখা যায়, বৃক্ষশ্রেণির বড় গাছ জন্মে না। সারা বছর গাছের পাতা ঝরে পানিতে পড়ে আধা পচা পাতার স্তর তৈরি হয়। শুকনো মৌসুমে পানি শুকিয়ে গেলে ঝরা পাতার এই স্তরের ভাঁজে মিথেন গ্যাস জমে। এই অবস্থায় প্রখর সূর্যতাপ বা বনজীবীদের ব্যবহূত আগুন থেকে বনের এসব এলাকায় আগুন লাগে। মিথেন গ্যাসের প্রভাবে আগুনের তীব্রতা ও ব্যাপ্তি বেড়ে যায়।
বৈশিষ্ট্য অনুযায়ী এ ধরনের আগুন দাউ দাউ করে জ্বলে না, পাতার নিচে মাটি ও শিকড়ের ভেতর দিয়ে বিক্ষিপ্তভাবে থেকে থেকে জ্বলে উত্তাপ ও ধোঁয়া সৃষ্টি করে ছড়িয়ে পড়ে। আগুন গাছের শিকড় থেকে জ্বলতে শুরু করে। একপর্যায়ে গাছের কাণ্ড ও পাতা শুকিয়ে জ্বলে উঠে অঙ্গার হয়ে যায়। ঘটনাস্থলের আশপাশের নদী-খাল অর্থাত্ পানির উত্স না থাকলে পানিস্বল্পতার কারণে আগুন নেভানোর কাজ বাধাগ্রস্ত হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আমীর হোসাইন চৌধুরী জানান, সুন্দরবন পূর্ব বিভাগের যেসব এলাকায় প্রতিবছর আগুন লাগার ঘটনা ঘটে গুলিশাখালীর ওই এলাকা এর মধ্যে পড়ে। গতকাল রাতেই বনকর্মীরা মাটিতে ‘লাইন অব ফায়ার’ তৈরি করে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আগুনে ঝোপ, লতা ও গুল্মজাতীয় কিছু গাছ পুড়ে গেছে। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।