থেমে আছে তিন পুলিশের বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় অভিযুক্ত তিন পুলিশের বিচার প্রায় সাত বছর ধরে থেমে আছে। উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় মামলার কার্যক্রম বন্ধ রয়েছে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন পুলিশের সহকারী কমিশনার (এসি) আবু সালেহ মোহাম্মদ মোফাজ্জল হক, কনস্টেবল আবদুর রউফ ও কনস্টেবল এহছানুল ইসলাম। ২০০৮ সালে ডাকাতির ঘটনায় তাঁরা গ্রেপ্তার হন। চার মাস কারাগারে থাকার পর তাঁরা জামিনে বেরিয়ে আসেন। ঘটনার পরপরই তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়। বিচারে অভিযোগ প্রমাণিত হলে তাঁদের সর্বনিম্ন ১০ বছর ও সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে আইনজীবীরা জানিয়েছেন।
পুলিশ সূত্র জানায়, আবদুর রউফ জামিনে থাকা অবস্থায় ২০১২ সালে ছিনতাই করতে গিয়ে নগরের চকবাজার এলাকা থেকে আবার গ্রেপ্তার হন। কিছুদিন পর ওই মামলা থেকেও জামিনে ছাড়া পান তিনি।
২০০৮ সালে এই মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও চট্টগ্রাম মহানগর পিপির দায়িত্বে ছিলেন আহসানুল হক হেনা। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি প্রথম আলোকে জানান, রাষ্ট্রপক্ষ মামলাটি দ্রুত নিষ্পত্তির বিষয়ে তৎপর ছিল। কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার আগেই উচ্চ আদালতের নিষেধাজ্ঞা নিয়ে আসে আসামিপক্ষ। এ কারণে মামলার কার্যক্রম আর এগোয়নি।
এই মামলার বিষয়ে বাদী ফারুক আহমেদ চৌধুরীর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। আমিরবাগে তাঁর ভাড়া বাসায় গিয়ে জানা যায়, ২০০৯ সালে তিনি বাসা পরিবর্তন করেছেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সেরেস্তাদার হোসনে আরা বেগম জানান, উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হয়েছে কি না, তা জানতে ফারুক আহমেদ তিন বছর আগে একবার আদালতে এসেছিলেন। এরপর এই মামলাসংক্রান্ত কোনো খোঁজ নিতে তিনি আর আসেননি।
পুলিশ সূত্র জানিয়েছে, ওই ঘটনা ছাড়াও বিভিন্ন সময়ে অপরাধমূলক কাজে পুলিশ সদস্যদের জড়িত থাকার অভিযোগ মিলেছে। সর্বশেষ ১ জানুয়ারি নগরের হাজারী লেনে সোনা ব্যবসায়ী নারায়ণ কর্মকার ও দোকান কর্মচারী সজল চৌধুরীর কাছ থেকে ১ কোটি ১২ লাখ টাকার ২৮টি সোনার বার ডাকাতির অভিযোগ ওঠে নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) এ কে এম আবুল হোসেনের বিরুদ্ধে। তাঁর বাসা থেকে ২৩টি সোনার বার উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় করা মামলায় এখন কারাগারে রয়েছেন তিনি।
এ বিষয়ে সচেতন নাগরিক কমিটি চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার প্রথম আলোকে বলেন, পুলিশ রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করলে মানুষের নিরাপত্তা কোথায়? তদন্তে প্রমাণিত হওয়ার পরও দায়ী পুলিশের সাজা না হওয়ায় অন্যরা অপরাধ করতে দ্বিধা করছে না। সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়টি গুরুত্ব দিয়ে দায়ী পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা উচিত।
তিন পুলিশের বিরুদ্ধে করা ডাকাতি মামলার নথিতে দেখা গেছে, চট্টগ্রামের পাঁচলাইশ অঞ্চলের এসি মোফাজ্জলের নেতৃত্বে পুলিশের তিন সদস্য ২০০৮ সালের ৯ ফেব্রুয়ারি ব্যবসায়ী ফারুক আহমেদ চৌধুরীর আমিরবাগ আবাসিক এলাকার ভাড়া বাসায় যান। চোরাই মালামাল ও ভিওআইপির যন্ত্রপাতি আছে দাবি করে ওই বাসার লোকজনকে গ্রেপ্তারের ভয় দেখান এসি মোফাজ্জল। এরপর ব্যবসায়ীর বাসা থেকে দেড় লাখ টাকা ও এক লাখ টাকার চেক এবং ২০-২৫ ভরি সোনার গয়না লুট করেন তাঁরা।
বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে এসি মোফাজ্জল, তাঁর গাড়িচালক কনস্টেবল আবদুর রউফ ও দেহরক্ষী কনস্টেবল এহছানুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় ব্যবসায়ী ফারুক আহমেদ চৌধুরী বাদী হয়ে তিন পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন।
ওই সময় পাঁচলাইশ অঞ্চলের এসির দায়িত্বে থাকা সৈয়দ মেজবাহ উদ্দিন তদন্ত শেষে ২০০৮ সালের ১৩ মে মোফাজ্জলসহ তিন পুলিশ সদস্যকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
পুলিশ ও আইনজীবীদের একটি সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ২০০৮ সালের ১১ জুন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। কিন্তু এর এক দিন আগে হাইকোর্ট থেকে মামলার কার্যক্রম বন্ধ রাখতে স্থগিতাদেশ নিয়ে আসেন আসামিরা। এ কারণে নিম্ন আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু করা যায়নি। স্থগিতাদেশের মেয়াদ প্রতি ছয় মাস পর পর বাড়ানো হচ্ছে। এভাবে প্রায় সাত বছর পেরিয়ে গেছে।
চট্টগ্রামের সরকারি কৌঁসুলি (পিপি) মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সাত বছর ধরে স্থগিতাদেশ রয়েছে পুলিশের ডাকাতির মামলাটি। স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য অ্যাটর্নি জেনারেলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এ বিষয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল এম মাসুদ আলম চৌধুরী বলেন, চাঞ্চল্যকর মামলাটির নথিপত্র দেখে চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।