থেমে গেছে অভিযাত্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার নারিন্দার সামাজিক সাংস্কৃতিক সংগঠন অভিযাত্রিক ক্লাবের সদস্যরা নিজেদের মধ্যে আলাপে ব্যস্ত। ছবিটি গত শুক্রবার বিকেলে তোলা l মনিরুল আলম
পুরান ঢাকার নারিন্দার সামাজিক সাংস্কৃতিক সংগঠন অভিযাত্রিক ক্লাবের সদস্যরা নিজেদের মধ্যে আলাপে ব্যস্ত। ছবিটি গত শুক্রবার বিকেলে তোলা l মনিরুল আলম

কায়সার উদ্দিন আহমেদের বয়স এখন সত্তরের কাছাকাছি। বিকেলে নামাজ শেষ করে মাঝে মাঝে পুরোনো ক্লাবঘরটায় এসে বসেন। তাঁর মতো প্রবীণ সদস্যরা এলে ফেলে আসা দিনের স্মৃতিচারণ চলে কিছুক্ষণ। বেলা শেষের সময়টুকু কেটে যায়।
গত শুক্রবার কায়সার উদ্দিন বলছিলেন, ‘চৌষট্টি সালের রায়টের সময় আমার বয়স ১৪-১৫ বছর। তখন এই ক্লাবে আমরা সেন্ট যোসেফ স্কুলের ভেতর এলাকার সব হিন্দু ফ্যামিলিকে একসঙ্গে করে আশ্রয় দিছি। দল বেঁধে পাহারা দিছি। খাবারের ব্যবস্থা করছি। এখনকার ছেলেমেয়েরা এই সব বললে বিশ্বাসও করবে না।’
পুরান ঢাকার নারিন্দার সামাজিক সাংস্কৃতিক সংগঠন অভিযাত্রিককে ঘিরে এমন অনেক স্মৃতিই আছে সদস্যদের। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত অভিযাত্রিক একসময় গান-নাটক, বিতর্ক, আড্ডায় মুখর ছিল। এলাকার সেবামূলক কাজে এ ক্লাবের তরুণ সদস্যরাই এগিয়ে যেতেন সবার আগে। তবে এখন ক্লাবঘরটি প্রায় খালিই পড়ে থাকে। ক্লাবের আরেক প্রবীণ সদস্য আবদুর রহিম বললেন, ‘মোমবাতিটা আস্তে আস্তে নিভে যাচ্ছে।’
মূলত পাঠাগার ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে ৭৬ নম্বর শরৎগুপ্ত রোডের একটি ঘরে অভিযাত্রিকের যাত্রা শুরু হয়। সংগঠনটির সভাপতি ছিলেন সাংবাদিক আবদুল হাকিম খান। উপদেষ্টা ছিলেন রণেশ দাসগুপ্ত। রোকনুজ্জামান খান দাদাভাই, রফিকুন নবী, অরুণ কুমার মহলানবীশ, মহিউদ্দিন আহমেদ, নুরুদ্দিন আহমেদ, রাজিউদ্দিন আহমেদ, তোহা খান, আবেদ খান, মন্টু খান—এঁরা ছিলেন অভিযাত্রিকের শুরুর সময়কার সদস্য। প্রতিষ্ঠাতা সদস্য আবেদ খান বলেন, ‘পুরান ঢাকার সেই সময়কার সবচাইতে সাংস্কৃতিক চেতনাসম্পন্ন মানুষেরা অভিযাত্রিকের সঙ্গে যুক্ত ছিলেন। পুরো এলাকার সাংস্কৃতিক আড্ডার কেন্দ্র ছিল অভিযাত্রিক।’
কায়সার উদ্দিন আহমেদ বললেন, ‘শুরুতে বই পড়াটা ছিল মূল কার্যক্রম। মহিউদ্দিন ভাই, নুরুদ্দিন ভাই আমাদের বই পড়তে বলতেন। সপ্তাহে এক দিন বিতর্ক হতো। আমরা ছোটরা বসে শুনতাম।’
অভিযাত্রিকের বর্তমান ঠিকানা ৪৪ নম্বর শরৎগুপ্ত রোডে। গতকাল শুক্রবার এখানেই কথা হয় এই ক্লাবের তিন প্রজন্মের সদস্যদের সঙ্গে। ষাট, সত্তর ও আশির দশকে সদস্য হওয়া নয়জন সদস্য ছিলেন আড্ডায়। তাঁরা বললেন, ১৯৭৫ সালে ক্লাবঘরটি এখানে সরে আসে। তখন এই ছোট ঘরে আর পাঠাগারের জায়গা সংকুলান হয়নি।
আশির দশকে ক্লাবের সদস্য হন নাজমুল হোসেন। তাঁরাই ক্লাবের শেষ প্রজন্ম। জানালেন, তাঁদের পর নতুনেরা কেউ আর সদস্য হতে আগ্রহী হয়নি। সন্ধ্যার নিয়মিত আড্ডাটা নাজমুল ও তাঁর বন্ধুরাই একরকম ধরে রেখেছেন।
শেষ প্রজন্মের আরেক সদস্য সামসুল আলম বলেন, আশির দশক থেকে নব্বইয়ের দশকের মাঝামাঝি পর্যন্ত ক্লাবের নানা কার্যক্রম ছিল। যেকোনো সমস্যায় তখন এলাকার তরুণেরাই এগিয়ে যেতেন। বছর দশ-পনেরো আগেও ক্লাবের পক্ষ থেকে রক্তদান কর্মসূচি, চক্ষুশিবিরসহ নানা সেবামূলক কর্মসূচির নিয়মিত আয়োজন হতো। সামসুল বলেন, ‘এসএসসি পরীক্ষার মধ্যেও এলাকার নালা পরিষ্কারের কাজ করেছি। ছিন্নমূল শিশুদের জন্য স্কুল খুলে পড়িয়েছি। নতুন ছেলেমেয়েদের তো এত সময় নাই। আগ্রহও নাই।’
অভিযাত্রিকের এখনকার সাধারণ সম্পাদক হাসান হাবিব ১৯৭৭ সাল থেকে ক্লাবের সঙ্গে যুক্ত। বললেন, এই প্রজন্মও মোবাইল-কম্পিউটার নিয়ে ব্যস্ত। নিঃস্বার্থভাবে কিছু করারা মানসিকতা হারিয়ে গেছে।
অভিযাত্রিক ক্লাবঘরে এখন প্রতি বুধবার স্বল্পমূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা দেওয়া হয়। আর ‘অপরাজেয় বাংলা’ নামে একটি সংগঠন সপ্তাহে এক দিন শ্রমজীবী শিশুদের স্কুল হিসেবে ঘরটি ব্যবহার করে। সদস্যরা বলেন, আর্থিক সংকট আর প্রশাসনিক সমর্থনের অভাবে তাঁরা নতুন কিছু করতে করতে পারছেন না। আর তাঁদের সেই বয়সও নেই। তাই পথ চেয়ে আছেন তরুণদের দিকে। তাঁদের আশা, নতুনেরা দায়িত্ব নেবে। তারাই সংগঠনটিকে বাঁচিয়ে রাখবে।