থেমে গেছে বাড্ডা-বারিধারা সংযোগ সড়কের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশান লেক দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ছবিটি গতকাল গুলশান ১০৬ নম্বর সড়কের পাড়ে মরিয়ম টাওয়ার ১ ও ২-এর মধ্যবর্তী অংশ থেকে তোলা l প্রথম আলো
গুলশান লেক দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ছবিটি গতকাল গুলশান ১০৬ নম্বর সড়কের পাড়ে মরিয়ম টাওয়ার ১ ও ২-এর মধ্যবর্তী অংশ থেকে তোলা l প্রথম আলো

গুলশান লেকের ডান পাড়ে বাড্ডা-বারিধারা সংযোগ সড়কের মরিয়ম টাওয়ার ১ ও ২-এর মধ্যবর্তী ২০০ গজ জায়গার মালিকানা নিয়ে মামলা চলছে। এই মামলার কারণে বন্ধ হয়ে আছে বাড্ডা-বারিধারা সংযোগ সড়কের কাজ। এলাকার বাসিন্দারা জায়গাটি অধিগ্রহণ করে সড়কের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন।
এলাকাবাসী জানিয়েছেন, বনানী, গুলশান, বারিধারা, ডিওএইচএস এলাকার পয়োবর্জ্য লেকে নিঃসরণের কারণে গুলশান-বারিধারা লেকের পরিবেশ ও প্রতিবেশগত ব্যবস্থার মারাত্মক অবনতি হয়েছে।
গুলশান ১০৬ নম্বর সড়কের পাড়ে অবস্থিত মরিয়ম টাওয়ার ১ ও ২-এর মাঝের জায়গা গতকাল শুক্রবার ঘুরে দেখা যায়, সেখানে শতাধিক স্থায়ী স্থাপনা গড়ে উঠেছে। এর মধ্যে বসতবাড়ি যেমন আছে, দোকানপাট ও রিকশার গ্যারেজও আছে। এই জায়গার ওপর হাইকোর্ট থেকে দেওয়া নিষেধাজ্ঞার কথা একাধিক জায়গায় সাইনবোর্ডে টাঙিয়ে রাখা হয়েছে।
গুলশান সোসাইটির মহাসচিব ওমর সাদাত প্রথম আলোকে বলেন, ‘গুলশান অ্যাভিনিউ সম্পূর্ণ বাণিজ্যিক সড়ক হয়ে গেছে। গাড়ির প্রচণ্ড চাপ থাকে, যানজট লেগে থাকে সারাক্ষণ। সড়কের কাজ গুলশান-২ পর্যন্ত হয়ে গেছে। সরকার আন্তরিক হয়ে বাকি জমিটুকু অধিগ্রহণ করে সড়কটি সম্পূর্ণ করলে সবার উপকার হবে।’
জানতে চাইলে রাজউকের নির্বাহী প্রকৌশলী মনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, এই জায়গা নিয়ে হাইকোর্টে রিট থাকায় অধিগ্রহণের কাজ আটকে আছে। তবে রিটকারীদের সঙ্গে জমি অধিগ্রহণের বিষয়ে আলোচনার জন্য একটি কমিটি করা হয়েছে। দুই পক্ষের সমঝোতার মাধ্যমে সড়কের বাকি কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে।
গুলশান-বারিধারা লেকের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গত বছরের ৮ অক্টোবর পরিবেশ অধিদপ্তরের একটি দল লেক এলাকা পরিদর্শন করে। পরিদর্শক দল লেকের পানির গুণগতমান পরীক্ষা করে জানায়, গুলশান-বারিধারা লেকের পাড়ে বিদ্যমান বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাসা-বাড়িসহ অন্যান্য স্থাপনার পয়োবর্জ্য সরাসরি লেকে অপসারণের কারণে পরিবেশ ও প্রতিবেশগত ব্যবস্থার মারাত্মক অবনতি হয়েছে।
পরিবেশবাদী সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) গুলশান লেকের দ্রবীভূত অক্সিজেন নিয়মিতভাবে পরীক্ষা করছে। পবা দেখতে পায়, বিভিন্ন এলাকায় লেকের পানিতে দ্রবীভূত অক্সিজেন আছে শূন্য দশমিক ২ থেকে ৪ মিলিগ্রাম পর্যন্ত। অথচ ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী প্রতি লিটার পানিতে ৫ মিলিগ্রাম মাত্রায় দ্রবীভূত অক্সিজেন থাকতে হবে।
গুলশান-বারিধারা লেক পরিবেশ অধিদপ্তর কর্তৃক প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) হিসেবে ঘোষিত। সরকার লেকের চারপাশের বাসাবাড়ি, বৈদেশিক মিশন, শিল্পপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের পয়োবর্জ্য ও তরল বর্জ্য নির্গমন নিষিদ্ধ করেছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞা কোনো কাজে আসেনি।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গুলশান-বারিধারা লেকের যেসব পয়েন্ট থেকে প্রতিদিন সরাসরি পয়োবর্জ্য মিশছে, তা হলো বারিধারা ডিওএইচএস, কালাচাঁদপুর, বনানী ১১৮ নম্বর রোড, ন্যাম ভিলার দক্ষিণে বনানী ২ নম্বর রোড, মহাখালী-গুলশান লিংক রোড, গুলশান-বাড্ডা লিংক রোড, বনানী ১১ নম্বর সেতুর নিচ এবং কড়াইল বস্তি এলাকার অনেক নালা। এসব পয়েন্টের মাধ্যমে মানুষের মলমূত্রসহ বিভিন্ন আবর্জনা মিশছে লেকের পানিতে।
রাজউকের নির্বাহী প্রকৌশলী মনোয়ারুল ইসলাম বলেন, লেক-সংলগ্ন কড়াইল বস্তি থেকেই লেকটির বেশি দূষণ হচ্ছে। বিভিন্ন সংস্থার সঙ্গে পয়োবর্জ্য লেকে না ফেলার বিষয়ে আলোচনা হচ্ছে। লেকে যাতে পয়োবর্জ্য না যায়, সে জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।