থেমে গেছে ভৈরব তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদের তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে গেছে। সর্বশেষ গত বছরের ২৬ অক্টোবর এখানে অভিযান চালানো হয়েছিল। উপজেলা নদী রক্ষা কমিটির বৈঠকে গতকাল সোমবার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) হিসাব অনুযায়ী, উপজেলায় ভৈরব নদের তীরে অবৈধ স্থাপনা ছিল ৮৬টি। এর মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিআইডব্লিউটিএর সহযোগিতায় দুই ধাপে ৫৯টি স্থাপনা গত বছরের অক্টোবর মাসে উচ্ছেদ করা হয়। বাকি ২৭টি পর্যায়ক্রমে উচ্ছেদের কথা বলা হয়েছিল। কিন্তু উচ্ছেদ অভিযান কার্যত বন্ধ হয়ে আছে।

নওয়াপাড়া নদীবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, অভয়নগরের ভাটপাড়া থেকে মহাকাল শ্মশানঘাট পর্যন্ত নদের উভয় পারে ৬ কিলোমিটার করে ১২ কিলোমিটার এলাকায় থাকা ওই সব অবৈধ স্থাপনা চার ধাপে উচ্ছেদ করার কথা। প্রথম দুটি ধাপে গত ২৫ ও ২৬ অক্টোবর নওয়াপাড়া মাছবাজার থেকে ফেরিঘাট পর্যন্ত ৫৯টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে ছিল কাঁচা ও টিনের স্থাপনা ১২টি, আধা পাকা স্থাপনা ৩৫টি এবং পাকা স্থাপনা ১২টি। যশোর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। কিন্তু পরে আর কোনো উচ্ছেদ অভিযান চালানো হয়নি।

সূত্র বলছে, অবশিষ্ট ২৭টি স্থাপনার মধ্যে আঞ্চলিক কর কমিশনারের ভাড়া করা কার্যালয়, নওয়াপাড়া হাইওয়ে থানার সীমানাপ্রাচীর এবং কয়েক প্রভাবশালী ব্যক্তির কয়েকটি গুদাম রয়েছে। এ কারণেই উচ্ছেদ অভিযান আর এগোয়নি।

নওয়াপাড়া নদীবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মাসুদ পারভেজ প্রথম আলোকে বলেন, ‘ম্যাজিস্ট্রেট নিয়োগ না পাওয়ায় প্রায় চার মাস ধরে উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে। আমরা ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। ম্যাজিস্ট্রেট নিয়োগ পেলে অবশিষ্ট স্থাপনা উচ্ছেদ করা হবে।’

অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত উপজেলা নদী রক্ষা কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে অবশিষ্ট স্থাপনা উচ্ছেদ করতে বিআইডব্লিউটিএকে অনুরোধ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নদী রক্ষা কমিটির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দীন মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, প্রায় চার মাস ধরেভৈরব নদের তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম বন্ধ রয়েছে। আজকের (গতকাল) নদী রক্ষা কমিটির বৈঠকে অবিলম্বে অবশিষ্ট স্থাপনাগুলো উচ্ছেদের জন্য বৈঠকে উপস্থিত বিআইডব্লিউটিএর কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।