থেমে গেল দেহ ঘড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী আবদুর রহমান বয়াতি
শিল্পী আবদুর রহমান বয়াতি

‘মন আমার দেহঘড়ি’খ্যাত জনপ্রিয় লোকসংগীতশিল্পী আবদুর রহমান বয়াতি আর নেই। আজ সোমবার সকালে তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শওকত আলী।
আবদুর রহমান বয়াতির ছেলে আলম রহমান প্রথম আলো ডটকমকে জানান, আজ সোমবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁকে আজ সূত্রাপুর থানার দয়াগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
হাসপাতাল ও পারিবারিক সূত্র জানিয়েছে, অনেক দিন ধরে উচ্চরক্তচাপ, কিডনি, ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন আবদুর রহমান বয়াতি।
১৯৩৯ সালে ঢাকার সূত্রাপুর থানার দয়াগঞ্জে জন্মগ্রহণ করেন আবদুর রহমান বয়াতি। অসংখ্য জনপ্রিয় লোকগান উপহার দিয়েছেন এই বাউলশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। একক গানের বহুসংখ্যক অ্যালবামের পাশাপাশি তিনটি মিশ্র অ্যালবামেও গেয়েছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘মন আমার দেহ ঘড়ি’, ‘মরণেরই কথা কেন স্মরণ’, ‘মা আমেনার কোলে ফুটল ফুল’, ‘দিন গেলে আর দিন পাবি না’, ‘ঘুড্ডি হয় তিনতলা’, ‘হাতের মাঝে ভাঙল হাঁ’, ‘পিরিতে কইরাছে কাঙালি’, ‘একদিন চিঠি দিয়েছে’, ‘আমার মাটির ঘরে’, ‘এত সুন্দর রংমহল ঘর’, ‘আমি মরলে কেন’ ইত্যাদি।

মাটি ও এ দেশের মানুষকে উপজীব্য করেই বেশির ভাগ গান বেঁধেছেন আবদুর রহমান বয়াতি। স্বকীয় গায়কিতে সহজিয়া ঢংয়ে দেশের সীমানা পেরিয়ে বিদেশেও অগণিত শ্রোতার প্রাণকে মাতিয়েছেন গুণী এই শিল্পী।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রের আমন্ত্রণে একবার হোয়াইট হাউসে আয়োজিত জাঁকালো এক অনুষ্ঠানেও গান গেয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন তিনি।