থেমে গেল দেহঘড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রহমান বয়াতি
আবদুর রহমান বয়াতি

এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে/ সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে’—বিজয় সরকারের এই গানটি বহুশ্রুত হয়েছিল আবদুর রহমান বয়াতির অনুপম কণ্ঠে। সেই কণ্ঠে সুর থেমে গিয়েছিল ১০ বছর আগেই। গতকাল থেমে গেল হূৎস্পন্দনও। সুন্দর পৃথিবীর মায়া কাটিয়ে চিরবিদায় নিলেন দেশের লোকসংগীতের কিংবদন্তিতুল্য শিল্পী আবদুর রহমান বয়াতি।এক দশক ধরে রোগভোগের পর গতকাল সোমবার সকাল সাড়ে সাতটায় ৭৭ বছর বয়সে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি ও দেশ-বিদেশে অসংখ্য অনুরাগী রেখে গেছেন। শিল্পীর ছেলে আলম বয়াতি জানান, গত ১৮ জুলাই চতুর্থবার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন থেকেই তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়েছিল। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে গতকাল সকালে তিনি অজানা অনন্তলোকে যাত্রা করেন।গতকাল বারডেমের হিমঘরে রাখা হয় মরদেহ। আজ মঙ্গলবার বেলা ১১টায় শিল্পীকে আনা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শ্রদ্ধা নিবেদনপর্ব চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা হবে। এরপর নিয়ে যাওয়া হবে তাঁর বাসা মাতুয়াইলের মৃধাবাড়িতে। সেখানে হবে দ্বিতীয় জানাজা। তৃতীয় জানাজা হবে দয়াগঞ্জ নূর মসজিদে বাদ আসর। এরপর শিল্পীর অন্তিম ইচ্ছা অনুযায়ী দয়াগঞ্জ পঞ্চায়েতের স্বামীবাগ কবরস্থানে তাঁর বাবা-মায়ের কবরের পাশে অন্তিম শয়ানে শায়িত করা হবে। আবদুর রহমান বয়াতির মৃত্যুর খবরে তাঁর অগণিত ভক্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে। হাসপাতালের সামনে তাঁর গানের অনেক নাম না-জানা ভক্ত ভারাক্রান্ত মনে সমবেত হন অন্তিম শ্রদ্ধা জানানোর জন্য। সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই হাসপাতালে ছুটে আসেন। তাঁদের মধ্যে ছিলেন গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, শিল্পী আবদুল কুদ্দুস বয়াতি, চিত্রনায়ক উজ্জল, নির্মাতা মোরশেদুল ইসলাম, লিয়াকত দেওয়ান, বিএনপির নেতা আমানউল্লাহ আমানসহ অনেকে।

লোকসংগীতশিল্পী আবদুর রহমান বয়াতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাজীবন বাংলার ঐতিহ্যবাহী লোকগানের ভেলা ভাসিয়েই কাটিয়ে দিয়েছেন আবদুর রহমান বয়াতি। গায়ের রং কালো। নির্মেদ লম্বা শরীর। মাথাভরা বাবরি চুল। হাতে একখানা ‘বওয়া’ নিয়ে মঞ্চে উঠে যখন তিনি দরাজ গলায় গেয়ে উঠতেন ‘মন আমার দেহঘড়ি’ তখন মঞ্চের সামনে বসা অগণিত শ্রোতা-দর্শক বিমোহিত হয়ে পড়তেন সেই সুরে। অসাধারণ ছিল তাঁর গায়কি। বাংলার মটিঘেঁষা সুর অনন্য হয়ে উঠত তাঁর কণ্ঠে। পল্লিগীতি, মুর্শিদি, ভাওয়াইয়া, দেহতত্ত্ব, লালন-হাসনের গানসহ বৈভবময় লোকসংগীতে প্রায় সব ধরনের গানেই ছিল তাঁর সহজাত পারঙ্গমতা। তবে তাঁর একেবারে নিজের ক্ষেত্র ছিল জারিগান। এ ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। বলা যায় লোকসংগীতের এই বিশেষ ধারাটি তাঁর পরিচর্যাতেই প্রত্যন্ত গ্রাম থেকে নগরবাসী শ্রোতার কাছে উঠে এসেছিল। আবদুর রহমান বয়াতির অডিও ক্যাসেট প্রকাশিত হয়েছে পাঁচ শতাধিক। এর মধ্যে জারিগানের ক্যাসেটই তিন শতাধিক। প্রত্যন্ত অঞ্চল থেকে এসব গান সংগ্রহ করে গেয়েছেন তিনি।

আবদুর রহমান বয়াতির জন্ম ১৯৩৬ সালের ১ জানুয়ারি, ঢাকার দয়াগঞ্জে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। বাড়িতে গান-বাজনার চর্চা ছিল না। তবে তাঁর গানের গলা ছিল চমৎকার। শৈশব থেকেই তিনি মেতেছিলেন লোকগানের সুরে। পরে গান শিখেছেন বিক্রমপুরের বিখ্যাত লোকসংগীতশিল্পী আলাউদ্দিন বয়াতির কাছে। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র, সরকারি বিভিন্ন তথ্যচিত্র ও বিজ্ঞাপনের অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তাঁর রেকর্ড করা গানের সংখ্যা পাঁচ হাজারের বেশি। কসাই, অসতী ও হূদয় থেকে হূদয় চলচ্চিত্রে গান করার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। দেশে বিপুল জনপ্রিয়তার পাশাপাশি বিদেশেও তিনি নিয়ে গেছেন বাংলা লোকসংগীতকে। শিল্পী তাঁর ৬০ বছরের বেশি সংগীতজীবনে বহুবার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ায় গান শুনিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। এ ছাড়া হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, জার্মানি, স্কটল্যান্ড, রাশিয়া, কাতার, কোরিয়া, দুবাই, ইরান, আবুধাবি, বাহরাইন, ভারত, পাকিস্তান, তুরস্ক, অস্ট্রিয়া, উজবেকিস্তান ও আফ্রিকায় বিভিন্ন অনুষ্ঠানে গান করেছেন তিনি।

আকস্মিকভাবেই তাঁর দরাজ গলা থেমে গিয়েছিল ২০০৩ সালে। ওই বছর ১৭ সেপ্টেম্বর বিটিভির একটি অনুষ্ঠানে নিজের লেখা ও সুর করা ‘মরণের কথা কেন স্মরণ করো না’ গানটি গাইবার পরপরই তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে। ওই গানটিই ছিল তাঁর শেষ গান। এরপর ২০০৪ সালে শিল্পকলা একাডেমীর লোকসংগীত উৎসবে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও মঞ্চে এসে আর গাইতে পারেননি। অশ্রুসিক্ত বিদায় নিয়েছিলেন মঞ্চ থেকে। ২০০৮ সালে এটিএন মিউজিক থেকে পুরোনো গান নিয়ে দেহঘড়ি নামে একটি অ্যালবাম প্রকাশিত হয়। এটিই তাঁর শেষ অ্যালবাম।

জীবনের শেষ ১০টি বছর অত্যন্ত কষ্টে, বেদনায় কেটেছে গণমানুষের এই প্রিয় শিল্পীর। আলম দেওয়ান জানান, গান গাইতে না পারার বেদনায় প্রায়ই নীরবে অশ্রু বিসর্জন করতেন। উপরন্তু ছিল তীব্র আর্থিক সংকট। দিলদরিয়া মানুষ ছিলেন। সঞ্চয় বিশেষ কিছু ছিল না। থাকতেন ভাড়াবাড়িতে। ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে বহু ধারকর্জ করতে হয়েছে। শেষ দিকে এসে গত বছর প্রধানমন্ত্রীর তহবিল থেকে তিন লাখ ও পরে বিএনপির চেয়ারপারসনের দেওয়া এক লাখ টাকা পেয়েছিলেন চিকিৎসার জন্য। এ ছাড়া গত বছর থেকে জাপান বাংলাদেশ হাসপাতাল তাঁর চিকিৎসা সহায়তা দেয়।

দেশ-বিদেশে লোকসংগীতের চর্চা, প্রসার ও জনমনরঞ্জনে অসাধারণ ভূমিকা রাখলেও আবদুর রহমান বয়াতি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। তবে বেসরকারি নানা সংস্থা ও সংগঠন তাঁকে সম্মানিত করেছে বহু পুরস্কার ও সম্মাননায়। আর অকৃত্রিম ভালোবাসা পেয়েছেন মাটির কাছাকাছি থাকা আমজনতার। সেই ভালোবাসায় সিক্ত হয়েই চিরবিদায় নিচ্ছেন তিনি।