থেমে গেল মুক্তার জীবন
শরীয়তপুর সদর উপজেলার ডোমসার গ্রামের অগ্নিদগ্ধ সেই গৃহবধূ মুক্তা দে (২০) মারা গেছেন। ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল রোববার তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।অভিযোগ উঠেছে, যৌতুক না পেয়ে মুক্তার গায়ে কোরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেন তাঁর স্বামী সুধীর পোদ্দার। সুধীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার মশুরা গ্রামের অধীর চন্দ্র দের মেয়ে মুক্তা দের সঙ্গে সদর উপজেলার ডোমসার গ্রামের সুধীরের ২০১০ সালের জুন মাসে বিয়ে হয়। বিয়ের সময় মুক্তার বাবা যৌতুক হিসেবে দুই লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার দেন। পরে আরও দুই লাখ টাকার জন্য মুক্তা ও তাঁর পরিবারকে চাপ দেন সুধীর। এ নিয়ে প্রায়ই মুক্তাকে মারধর করতেন সুধীর। মুক্তাকে কয়েক দফা বাড়ি থেকেও বের করে দেন। গত ২৬ ডিসেম্বর যৌতুকের দাবিতে ঘরের মধ্যে আটকে রেখে মুক্তাকে মারধর করেন সুধীর। পরে রাতে মুক্তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। মুক্তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে গতকাল তিনি মারা যান।এ ঘটনায় অধির দে ২৭ ডিসেম্বর পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ২৮ ডিসেম্বর সুধীরকে গ্রেপ্তার করা হয়। ২৯ ডিসেম্বর আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে এনে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশের কাছে যৌতুকের জন্য মুক্তাকে নির্যাতন করার কথা স্বীকার করেন তিনি।অধির চন্দ্র দে বলেন, ‘সুধীরকে বিয়ের সময় দুই লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার দিয়েছি। পরে দুই লাখ টাকা দাবি করায় কিছুদিন পর টাকা দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু মেয়ের গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিল। মেয়েকে বাঁচতে দিল না।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুকের দাবিতে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এখন মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। সুধীরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।