এসএসসি, কারিগরি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীরা ভালো ফল করে থেমে থাকতে চায় না। ইতিবাচক ভূমিকা পালন করে দেশকে আরও সুন্দর, উন্নতির দিকে এগিয়ে নিতে চায়। তারা চায় মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ। স্বপ্ন দেখে বাল্যবিবাহ, ইভ টিজিং, যৌতুক প্রথামুক্ত সুস্থ রাজনীতিচর্চার একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশের। এ জন্য হাত তুলে শপথও নিয়েছে তারা, করেছে দৃঢ় অঙ্গীকার।প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির যৌথ উদ্যোগে এ বছর এসএসসি, কারিগরি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা এ অঙ্গীকার করে। গতকাল শুক্রবার বগুড়া, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, নড়াইল, চাঁদপুর ও নেত্রকোনায় এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দনপত্র ও ক্রেস্ট দেওয়া হয়। সার্বিক সহযোগিতা করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: বগুড়া: জেলার ১২টি উপজেলার দুই হাজার ১৫০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। বগুড়া জিলা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ বলেন, ‘শুধু জিপিএ-৫ পেলে ভালো মানুষ হওয়া যায় না। হতে হবে আলোকিত মানুষ।’ রবির আঞ্চলিক ব্যবস্থাপক নাইমুল করিম বলেন, ‘রবি যেভাবে আলো ছড়িয়ে পৃথিবীকে আলোকিত করে, তোমরা সেভাবে আলো ছড়াবে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যক্ষ আবদুস সাত্তার, প্রভাষক এমদাদুল হক, প্রধান শিক্ষক রাবেয়া খাতুন ও রথীন্দ্রনাথ রায়, সহকারী প্রধান শিক্ষক আবদুর রহমান, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক এম এ ওয়ারেছ, অভিভাবক আঞ্জুয়ারা বেগম, কৃতী শিক্ষার্থী বাঁধন আক্তার ও মেহেদী হাসান। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা অভিনয়, নাচ ও গান পরিবেশন করে। ভালো ফলের জন্য বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া জিলা স্কুল এবং সরকারি বালিকা উচ্চবিদ্যালয়কে সম্মাননা স্মারক দেওয়া হয়।রংপুর: ‘ভালো ফল করতে তোমাদের অনেক কষ্ট করতে হয়েছে। বাকি জীবনটা আরও কষ্টের। তোমরা এই কৃতিত্ব ধরে রাখবে। ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে গড়ে ওঠো।’ গতকাল রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান। জেলার আট উপজেলার দুই হাজার ১০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। আরও বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম বার্তা ও বাণিজ্য সম্পাদক শওকত হোসেন, রবির আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবু জুয়েল, শিক্ষক মলয় কিশোর ভট্টাচার্য, এ আই এম মুসা, আহসান হাবীব, বন্ধুসভার সভাপতি সত্যজিত্ ঘোষ, কৃতী শিক্ষার্থী মনিরা খাতুন। কৃতী শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যরা সংগীত পরিবেশন করেন। ভালো ফলের জন্য রংপুর ক্যাডেট কলেজ, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং রংপুর জিলা স্কুলকে স্মারক সম্মাননা দেওয়া হয়। দিনাজপুর: দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে দুই পর্বের অনুষ্ঠানে জেলার ১৩টি উপজেলার এক হাজার ৮০২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পিয়ার উদ্দিন আহমেদ কৃতী শিক্ষার্থীদের ‘অমিত সম্ভাবনার ভান্ডার’ আখ্যায়িত করে বলেন, ‘ভবিষ্যতে দেশের উন্নয়নের ভবিষ্যত্ রচনায় কৃতী শিক্ষার্থীদেরই দায়িত্ব নিতে হবে।’আরও বক্তব্য দেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. রুহুল আমিন, অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া ও নিজামুদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ বিনয় কুমার দাস, প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও চন্দ্র শেখর ভট্টাচার্য, জাতীয় মহিলা পরিষদ দিনাজপুর জেলার সভানেত্রী আজাদী হাই, প্রথম আলোর সহকারী সম্পাদক মশিউল আলম, রবির আঞ্চলিক ব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর ও মো. তানভির কাদেরী এবং কৃতী শিক্ষার্থী জামিয়া ইসমিতা, মো. শরিফুল ইসলাম ও তারিক বিন আজিজ। অনুষ্ঠানে ১৫ জন কৃতী শিক্ষার্থী জাতীয় সংগীত, সংগীত ও নৃত্য পরিবেশন করে।ভালো ফলের স্বীকৃতিস্বরূপ চিরিরবন্দর আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল, দিনাজপুর জিলা স্কুল এবং খোলাহাটী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে সম্মাননা স্মারক দেওয়া হয়। জয়পুরহাট: জয়পুরহাট পৌরসভা কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ একরামুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘স্বাধীনতা, মুক্তিযুদ্ধসহ দেশ ও জাতির ইতিহাস জানতে হবে। ক্লাসের পড়ার পাশাপাশি পত্রিকা ও ভালো ভালো বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে।’ অনুষ্ঠানে অধ্যক্ষ আবদুল মতিন, উপাধ্যক্ষ খায়রুল আলম, প্রধান শিক্ষক আলেয়া বেগম, সহকারী প্রধান শিক্ষক মোক্তার উদ্দীন আহমেদ, রবির আঞ্চলিক ব্যবস্থাপক এ বি এম সাইফুল কবির, রাজা চৌধুরী, আমিনুল হক, নাজমা বেগম এবং কৃতী শিক্ষার্থী সুমি আক্তার বক্তব্য দেয়। নড়াইল: জেলা শিল্পকলা মিলনায়তন চত্বর সকাল ১০টার আগেই কৃতী শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে। উত্সবমুখর পরিবেশে অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বপ্ন, কষ্টের কথা, শিক্ষক, অভিভাবক, অতিথিদের উপদেশ ও পরামর্শমূলক বক্তব্যের পাশাপাশি চলে নাচ ও গান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ভাষাসৈনিক রিজিয়া খাতুন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. গাউস, প্রধান শিক্ষক মিসেস লুত্ফুন্নেছা, অনিল বিশ্বাস ও এস এম হায়াতুজ্জামান এবং কৃতী শিক্ষার্থী দুলদুল হোসেন ও মৌসুমী ভট। চাঁদপুর: শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় মেঘনা নদীর পাড়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বলেন, ‘টাকা-পয়সার চেয়ে একটি সনদ অনেক মূল্যবান। ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক ও নৈতিক মনোভাব থাকতে হবে।’ অনুষ্ঠানে অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান ও সাদেকুর রহমান, শিক্ষার্থী ইমতিয়াজ রেজা ও খাদিজা আক্তার, সমীরণ চন্দ্র ঘোষ, মো. নুরুল আমিন মজুমদার, রাবেয়া আক্তার, প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মেহেদী মাসুদ, রবির আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য দেন। নেত্রকোনা: নেত্রকোনা পৌরসভার মহুয়া মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ‘কৃতী শিক্ষার্থীরাই পারবে ফুল ফোটাতে। ফসলে ফসলে দেশকে ভরে দিতে। এভাবে অবশ্যই একদিন তোমরা বদলে দেবে এ দেশকে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রবির আঞ্চলিক ব্যবস্থাপক তারেক সালাউদ্দিন মাহমুদ, প্রধান শিক্ষক আবদুল আজিজ, শিক্ষক আবদুল মান্নান এবং কৃতী শিক্ষার্থী অনন্য ঈদ ই আমিন ও স্বর্ণা প্রমুখ।