থেমে থাকা বাসকে কাভার্ড ভ্যানের ধাক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসটি পড়ে যায় সড়কের পাশের জমিতে। দুমড়ে-মুচড়ে যায় কাভার্ড ভ্যানের সামনের অংশ। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ফিলিং স্টেশন এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
বাসটি পড়ে যায় সড়কের পাশের জমিতে। দুমড়ে-মুচড়ে যায় কাভার্ড ভ্যানের সামনের অংশ। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ফিলিং স্টেশন এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল বাসটি। একপর্যায়ে সেটি বিকল হয়ে পড়ে। পরে বাসের যাত্রীরা গন্তব্যে যেতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে অন্য যানবাহন থামানোর চেষ্টা করছিলেন। সে সময় একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে এসে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে দুই গাড়ির মাঝে চাপা পড়ে নিহত হন বাসের তিন যাত্রী। আর কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মারা যান আরও দুজন।
গতকাল শনিবার ভোরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মিরসরাই ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন বাসের যাত্রী কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) মহাব্যবস্থাপক (জিএম) সৈয়দ আহম্মদ (৫৫), অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক (হিসাব) মো. সরোয়াদ্দি (৬২), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র তৌকির তাজাম্মুল সুস্মিত (২৪) ও পোশাক কারখানার কর্মী শাহেদা পারভিন (২৬) এবং বাসের সুপারভাইজার মোহাম্মদ আলী (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ড ভ্যানটিকে বেপরোয়া গতিতে আসতে দেখে বাসের পেছনে অপেক্ষারত যাত্রীরা দ্রুত সরে যান। কিন্তু কয়েকজন সরতে পারেননি। তিনজন কাভার্ড ভ্যান ও বাসের মাঝে চাপা পড়ে মারা যান। আর দুজন মারা যান কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে। এ সময় একজন সামান্য আহত হন। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।
পুলিশ জানায়, চারজন ঘটনাস্থলে মারা যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান একজন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ফকরুদ্দিন প্রথম আলোকে বলেন, জিএম সৈয়দ আহম্মদসহ তিন যাত্রী দুই গাড়ির মাঝে আটকে ছিলেন। সৈয়দ আহম্মদকে উদ্ধার করতে বেগ পেতে হয়েছে।
কেপিএমের জিএম (বাণিজ্যিক) এ টি এম আনিসুজ্জামান বলেন, সৈয়দ আহম্মদ অফিসের কাজে ঢাকায় গিয়েছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানান, বাসকে ধাক্কা দেওয়া কাভার্ড ভ্যানের চালক ও সহকারীকে আটক করা সম্ভব হয়নি। তিনি জানান, নিহত ব্যক্তিদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এরই মধ্যে তিনজনের লাশ হস্তান্তর করা হয়েছে।
নিজেকে খুঁজে পাওয়ার আগেই চলে গেলেন তৌকির: ‘এখনো অসংজ্ঞায়িত রয়েছি, আশা করি শীঘ্রই নিজেকে খুঁজে পাব।’ ফেসবুকে এভাবেই নিজেকে বর্ণনা করেছিলেন চুয়েটের ছাত্র তৌকির তাজাম্মুল সুস্মিত। কিন্তু সেই খুঁজে পাওয়ার আগেই গতকাল মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন তিনি।
ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফিরছিলেন তৌকির। আজ রোববার প্রথম সেমিস্টারের শেষ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর।
তৌকিরের বাবা আবদুস সাত্তার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক হিসেবে ঢাকায় কর্মরত। দুই ভাইয়ের মধ্যে তৌকির বড়। তাঁর ছোট ভাই তৌসিফ তানভীর ঢাকার মনিপুর স্কুলের ছাত্র।
চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক মোহাম্মদ মশিউল হক জানান, তৌকিরের মৃত্যুর ঘটনায় আজ প্রথম বর্ষের সব বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।