থেমে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বগুড়া-ঢাকা মহাসড়কের চান্দাইকোনার হাইওয়ে ভিলা এলাকায় সড়ক দুর্ঘটনায় আজ মঙ্গলবার ভোর চারটার দিকে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

নিহত ব্যক্তিরা হলেন সামিনা চৌধুরী (৪০) ও রজনী (১৩)। সামিনা চৌধুরী আক্কেলপুর পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলমগীর চৌধুরীর স্ত্রী। রজনী তাঁদের গৃহকর্মী।
আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় আহত আক্কেলপুর পৌরসভার গার্বেজ ট্রাকচালক আবদুস ছালাম বলেন, গতকাল সোমবার রাতে হানিফ পরিবহনের একটি বাসে করে জয়পুরহাটের আক্কেলপুর থেকে পৌর মেয়র তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে বাসটি চান্দাইকোনা হাইওয়ে ভিলা এলাকা বিকল হয়। বাসটিকে সড়কের একপাশে রেখে মেরামতের কাজ করা হচ্ছিল।

আবদুস ছালাম আরও বলেন, বাসটি ঠিক করতে না পারায় হানিফ পরিবহনের লোকজন যাত্রীদের অন্য বাসে করে ঢাকায় পাঠাচ্ছিলেন। পৌর মেয়র ও তাঁর স্ত্রীসহ ১০-১২ জন যাত্রী এ সময় বাস থেকে নেমে আরেকটি বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। তাঁরা নষ্ট বাসটির সামনেই ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে নষ্ট বাসটিকে ধাক্কা দেয়। সামনে দাঁড়িয়ে থাকা সামিনা চৌধুরী ও রজনী এ সময় বাসের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁরা মারা যান।
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।