থেমে নেই ইয়াবা ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজার মাসেও ইয়াবা চোরাচালান থেমে নেই। ঈদ সামনে রেখে মিয়ানমারের কারখানায় উৎপাদিত লাখ লাখ ইয়াবা বাংলাদেশে ঢুকছে। সড়কপথের পাশাপাশি চোরাচালানিরা এখন নৌপথও ইয়াবা পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, রোজার মাসে ইয়াবা চোরাচালান নিযন্ত্রণ করতে পুলিশ মাঠে নেমেছে। এ কারণে রুট পরিবর্তন করে চোরাচালানিরা নৌপথ বেছে নিয়েছে। নৌপথে ইয়াবা চালান নিয়ন্ত্রণে কোস্টগার্ড কাজ করছে। কিন্তু মিয়ানমার ইয়াবা উৎপাদন বন্ধ না করলে ব্যবসা নিয়ন্ত্রণ করা কঠিন।
পুলিশ জানায়, গত বুধবার বিকেল চারটার দিকে পুলিশ রামুতে অভিযান চালিয়ে তিন হাজার ৬০০টি ইয়াবাসহ চার ব্যক্তিকে আটক করে। তাঁরা টেকনাফ থেকে শরীরের লুকিয়ে ইয়াবাগুলো চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলেন।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, ৬ জুলাই বিজিবি সদস্যরা টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকা মূল্যের এক লাখ ৭০ হাজারটি ইয়াবা উদ্ধার করেন।
কোস্টগার্ড সূত্র জানায়, গত ৩০ জুন রাতে কোস্টগার্ডের সদস্যরা চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেল থেকে একটি ট্রলারসহ সাত কোটি ৭৫ লাখ টাকা মূল্যের দেড় লাখ ইয়াবা জব্দ করেন। এ সময় আনোয়ারা উপজেলার চন্দ্রপাড়া গ্রামের রফিক আজিজকে আটক করা হয়।
অনুসন্ধানে জানা গেছে, মিয়ানমারের মংডু শহরের চোরাচালানি জোবাইর ইয়াবা চোরাচালান নিয়ন্ত্রণ করছেন। তাঁকে সহযোগিতা দিচ্ছেন চট্টগ্রামের রশিদ আহমদ, ইসমাইল ও হাজি ফয়েজ; টেকনাফের শাহপরীর দ্বীপের আবদুল শুক্কুর, জাফর আলম ও ধলু হোসন এবং মহেশখালীর বাবর, ফজলুল হক, মৌলভি জহির, সাইফুল ইসলামসহ অর্ধশতাধিক ব্যক্তি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৭৪৭ জনের ইয়াবা ব্যবসায়ীর তালিকায় এঁদের নাম উল্লেখ রয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে পুলিশের এক কর্মকর্তা বলেন, ইয়াবা চোরাচালান রোধে গত মার্চ মাসে জেলায় বিজিবি, পুলিশ, র্যাব বিশেষ অভিযান শুরু করেছিল। এ সময় ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ডের ১০টির বেশি বন্দুকযুদ্ধের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ছয়জন ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত আটজন। এ সময় তালিকাভুক্ত সাত শতাধিক ইয়াবা ব্যবসায়ী আত্মগোপন করেন। এখন ঈদ সামনে রেখে চিহ্নিত কিছু ইয়াবা ব্যবসায়ী এলাকায় এসে পুনরায় ব্যবসা শুরু করেছেন। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পুলিশ তাঁদের ধরার চেষ্টা করছে।
বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খোন্দকার ফরিদ হাসান বলেন, ‘মিয়ানমারের বিভিন্ন সীমান্তে ইয়াবা তৈরির ৩৭টি কারখানা রয়েছে। এসব কারখানায় উৎপাদিত বেশির ভাগ ইয়াবা পাচার হচ্ছে টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে। এখন সমুদ্রপথেও বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে। ইয়াবা কারখানাগুলো বন্ধ করার জন্য আমরা (বিজিবি) মিয়ানমারকে চাপ দিয়ে আসছি। কিন্তু তারা (মিয়ানমার) সহযোগিতা করছে না।’