থেমে নেই ওরা ১০ জন
ওরা ১০ জনই অন্ধ। ওদের ইচ্ছা পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়া। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েই তারা বাধার মুখে পড়ে। জয়পুরহাটের পৌর এলাকার খনজনপুর মিশন বালিকা উচ্চবিদ্যালয়ের ওই ১০ শিক্ষার্থী পাঠের উপযোগী ব্রেইল পদ্ধতির বই পাচ্ছে না। সরকারি কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই চলছে তাদের লেখাপড়া।
খনজনপুর মিশন বালিকা উচ্চবিদ্যালয়ে ১৯৯০ সালে দৃষ্টিপ্রতিবন্ধী ছেলমেয়েদের ভর্তি করানো শুরু হয়। স্থানীয় িখ্রষ্টান মিশনের স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় অন্ধ শিক্ষার্থীদের ব্রেইল পদ্ধতিতে পড়ানোর জন্য দুজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। ওই দুজনের একজন ভারতের মাদ্রাজ এবং অন্যজন ঢাকা থেকে ব্রেইল পদ্ধতিতে শিক্ষাদানের জন্য প্রশিক্ষণ নেন। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়ানোর প্রথম ও প্রধান শিক্ষার উপকরণ ব্রেইল পদ্ধতির বই। কিন্তু দীর্ঘ ২৪ বছরেও িশক্ষকেরা এ বই পাননি। শুধু ছয় মাসের প্রশিক্ষণকে সম্বল করে প্রচলিত বই থেকে তাঁরা ওই শিক্ষার্থীদের পড়াচ্ছেন।
খনজনপুর মিশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কৃষ্ণ মণ্ডল জানান, পাঠদানের পর ওই দুই শিক্ষক ব্রেইল পদ্ধতিতে নোট করে অন্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে দেন।
প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক রুৎকল্লানী বিশ্বাস ও আইরিন পারভিন জানান, বিভিন্ন শ্রেণিতে ১০ জন অন্ধ শিক্ষার্থী পড়াশোনা করে। এর মধ্যে সাতজন মেয়ে ও তিনজন ছেলে। দুই শিক্ষক আক্ষেপ করে বলেন, তাঁরা এখনো সরকারি বেতন-ভাতার জন্য তালিকাভুক্ত (এমপিওভুক্ত) নন। মিশনের স্বাস্থ্য বিভাগ থেকে সামান্য মাসিক ভাতা পান।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার জামতলী গ্রামের সুফলা মিনজি ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সুফলা মিনজি বলে, সরকার তাদের ব্রেইল পদ্ধতির কোনো বই এখন পর্যন্ত সরবরাহ করেনি। তাই বাধ্য হয়ে তারা প্রচলিত বইয়ে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
লালমনিরহাটের পাটগ্রামের মেয়ে লিপছি আক্তার এখানে নবম শ্রেণিতে পড়ে। তারও অভিযোগ একই রকম। এই প্রতিবেদক গত বুধবার ওই শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁদের সমস্যার কথা জানান। তাঁরা বলেন, সরকার, কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান ব্রেইল পদ্ধতির বই দিয়ে সাহায্য করলে শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করতে পারত।
জয়পুরহাট সদর উপজেলার নারায়ণপাড়ার তাজপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী রবিউল আলম মুঠোফোনে জানান, তাঁর একটি ছেলে ও মেয়ে। দুজনই অন্ধ। তারা ওই বিদ্যালয়ে পড়ে। তাদের বইপত্রের দাম বেশি বলে তিনি কিনে দিতে পারেন না।
সমাজকল্যাণ অধিদপ্তর, জয়পুরহাটের উপপরিচালক নূর মোহাম্মদ বলেন, ওই শিক্ষাপ্রতিষ্ঠান সমাজকল্যাণ অধিদপ্তরের অন্তর্ভুক্ত নয়। তাই শিক্ষক ও শিক্ষার্থীরা সরকারি সুযোগ-সুবিধা পান না। তবে আবেদন করলে তিনি বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানাবেন।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ব্রেইল পদ্ধতির বইয়ের প্রয়োজনীয়তার কথা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানাবেন।