থেমে নেই মেঘনায় জাটকা নিধন
নিষেধাজ্ঞা সত্ত্বেও মেঘনা নদীতে চলছে অবাধে জাটকা নিধন। গত ২০ দিনে মেঘনা নদীতে ১৩টি অভিযান চালিয়ে ৪৩৭ কেজি জাটকা আটক করা হয়। রায়পুর উপজেলা মৎস্য কার্যালয় সূত্র এই তথ্য জানিয়ে বলেছে, জাটকা নিধনের কারণে দেশে ইলিশের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মেঘনা নদীর লক্ষ্মীপুর, রায়পুর, হাজীমারা, রামগতি, চাঁদপুর, কাটাখালী, নীলকমল ও মহনপুর এলাকাকে বৃহৎ জাটকা বিচরণক্ষেত্র হিসেবে চিহ্নিত করে। সারা বছর নদীতে কমবেশি জাটকা থাকলেও নভেম্বর থেকে মে মাস পর্যন্ত ভরা মৌসুম। এই মৌসুমে শেওলাজাতীয় খাদ্য খাওয়ার জন্য বিপুল পরিমাণ জাটকা দলবদ্ধভাবে ওই এলাকায় বিচরণ করে। জাটকা সংরক্ষণের জন্য মেঘনা নদীসহ ইলিশের প্রজননস্থলে মার্চ-এপ্রিল দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।নাম প্রকাশ না করে কয়েকজন জেলে জানান, মেঘনার চর ভৈরবী, হাইমচর ও কাটাখালী এলাকায় ব্যাপকভাবে জাটকা নিধন চলছে। জেলেরা রাত ১২টা থেকে তিনটা পর্যন্ত মাছ ধরেন। এ সময় প্রশাসনের কোনো লোক নদীতে টহল দেন না। চর বংশী গ্রামের স্কুলশিক্ষক সাইফুল ইসলাম জানান, কয়েক দিন আগে রাতে কয়েকজন জেলে এসে তাঁদের বাড়িতে ডাকাডাকি করেন। জেলেরা ২০ টাকা কেজি দরে জাটকা কেনার অনুরোধ জানান।নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের এক কর্মকর্তা বলেন, মেঘনায় অভিযান চালানোর উদ্দেশে নৌকা ভাড়া করতে গেলে জেলেদের মধ্যে খবর ছড়িয়ে পড়ে। আবার জেলেদের ইঞ্জিনচালিত নৌকা ধরতে হলে তাঁদের স্পিডবোট প্রয়োজন। কিন্তু সেই ব্যবস্থা নেই। অনেক সময় তাঁরা ধাওয়া করলে জেলেরা সংযোগ খালগুলোতে পালিয়ে যান। উপজেলা মৎস্য কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো. বেলায়েত হোসেন বলেন, জাটকা নিধন রোধে স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে। ২১ মার্চ পর্যন্ত নদীতে ১৩টি অভিযান চালানো হয়েছে।