থেমে নেই ‘কাগুজে মেলা’র ইজারা বন্দোবস্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহ্যবাহী পুনট মেলা বসে না ১০ বছর ধরে। ১০০ বছরের পুরোনো এ মেলাটি না বসলেও বন্ধ নেই মেলার ইজারা বন্দোবস্ত-প্রক্রিয়া। ১০ বছর ধরে নিয়মিত এ ‘কাগুজে মেলা’টির ইজারা বন্দোবস্ত দিচ্ছে জয়পুরহাটের জেলা প্রশাসন। স্থানীয় লোকজন জানান, সর্বশেষ ২০০১ সালের পর এ মেলা আর বসেনি। ১০ বছর ধরে মেলা না বসলেও জেলা প্রশাসন থেকে নিয়মিত মেলাটি ইজারা বন্দোবস্ত দেওয়া হচ্ছে। সর্বশেষ ১৪১৭ বাংলা সনে ১৯ মাঘ থেকে ২০ ফাল্গুন পর্যন্ত এক মাসের জন্য মেলাটি ইজারা বন্দোবস্ত দেওয়া হয় চার লাখ ২০ হাজার টাকায়। ইজারা নেন পুনট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাঁচুগোপাল সিংহ। ইজারাদার পাঁচুগোপাল সিংহ বলেন, ‘মেলা বসে না জেনেই এতগুলো টাকায় তা ইজারা নিয়েছিলাম। কারণ মেলাটির সঙ্গে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ১০০ বছরের ইতিহাস-ঐতিহ্য জড়িয়ে আছে। মেলা না বসলেও ওই এক মাস আলু কেনাবেচার ভরা মৌসুম। আলু বিক্রির টোল আদায় থেকে ইজারার কিছু টাকা উঠে আসে।’পুনট হাটের ইজারাদার মোহাব্বত আলী মুকুল বলেন, ‘সরকারি বিধি অনুযায়ী ১২ মাসের জন্য হাট-বাজার ইজারা বন্দোবস্ত দেওয়ার নিয়ম আছে। কিন্তু পুনট হাট ১২ মাসের ইজারা নিয়ে ১১ মাস টোল আদায় করতে হয়। অবশিষ্ট এক মাস টোল আদায় করেন মেলার ইজারাদার।’পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস ফকির বলেন, ‘পুনট হাট ইজারা থেকে এবার উপজেলা পরিষদের আয় হয়েছে ২৩ লাখ ৬০ হাজার টাকা। জেলা প্রশাসন থেকে আলাদা এক মাসের ইজারা বন্দোবস্ত দেওয়া না হলে এ আয় আরও চার-পাঁচ লাখ টাকা বাড়ত। এ টাকা ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় করা যেত।’কালাই উপজেলার চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, ‘পুনট মেলা না বসলেও জেলা প্রশাসন থেকে প্রতিবছর এক মাসের জন্য আলাদা ইজারা বন্দোবস্ত দেওয়ায় উপজেলা পরিষদ মোটা অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা সমন্বয় কমিটিও ইজারা বাতিলের জন্য জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে।’জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বলেন, ‘মেলা না বসলেও জেলা প্রশাসন থেকে কালাইয়ের পুনট মেলার ইজারা বন্দোবস্ত দেওয়া হচ্ছে—এ বিষয়টি জানা ছিল না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’