থেমে যাননি সেই শিবু দাস

ভর্তির সময়সীমার ২৪ মিনিট পরে যাওয়ায় গত বছর দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি প্রতিবন্ধী শিক্ষার্থী শিবু দাস। এ নিয়ে গত বছর ২৪ ডিসেম্বর দৈনিকে প্রথম আলোতে ‘শিবু কি থেমে যাবেন?’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। না, শিবু থেমে যাননি! গত ২৬ মে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে ইংরেজি বিভাগে ভর্তি হয়েছেন তিনি।
গত বছর দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন শিবু দাস । কিন্তু ভর্তির টাকা ছিল না। ২০১৪ সালের ১৪ ডিসেম্বর প্রথম আলোর বিশাল বাংলায় ‘তাঁরা হার মানেননি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সে প্রতিবেদনে শিবুর কথাও ছিল। তখন শিবু দাসকে সহায়তা করতে অনেকেই এগিয়ে আসেন। কিন্তু ভর্তি হওয়ার সময়সীমার শেষ দিনেই শিবুর ভর্তির টাকা জোগাড় হয়।
সে টাকা নিয়ে শিবু দাস ২০১৪ সালের ২৩ ডিসেম্বর লালমনিরহাট থেকে সড়ক পথে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু নির্ধারিত সময়ের ২৪ মিনিট পর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান তিনি। পরে তাঁর কান্নাকাটিতে কর্তৃপক্ষ একটি লিখিত আবেদন নেয়, কিন্তু সেবার আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হয়নি তাঁর।
কিন্তু এর পর থেমে যাননি শিবু দাস। এবার ২০১৪-২০১৫ সেশনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হয়েছেন তিনি। উল্লেখ্য বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়টি বন্ধ থাকায় এ মাসে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কাজ সম্পন্ন হয়।
শিবু দাস লালমনিরহাট সদর উপজেলার তিস্তা দাস পাড়ার মৃত নিপেন্দ্রনাথ দাসের ছেলে। ২০০৭ সালে তাঁর বাবা মারা যান। আট বছর বয়সে বাত জ্বরে আক্রান্ত হয়ে শিবুর দুই পায়ের হাঁটুতে সমস্যা দেখা দেয়। টাকার অভাবে উন্নত চিকিৎসা করতে পারেনি তার পরিবার। এক সময় বাত জ্বর ছেড়ে গেলেও তিনি শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন। এর পর থেকে তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না, একটু হেলে ঝুঁকে হাঁটতে হয় তাঁকে।
কিন্তু প্রতিবন্ধী জীবন শিবুর পড়ালেখায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তিনি ২০১২ সালে এসএসসিতে জিপিএ-৫ এবং ২০১৪ সালে এইচএসসিতে ৪ দশমিক ৯ জিপিও পেয়ে উত্তীর্ণ হন।
শিবু দাস আজ প্রথম আলোকে বলেন, আমি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে হতাশায় ভুগছিলাম, কী করব বুঝে উঠতে পারছিলাম না। এখন ভর্তি হতে পেরে খুশি। পড়াশোনা শেষে ইংরেজির শিক্ষক হতে চান বলেও জানালেন।
এ ব্যাপারে শিবু দাসের মা মঞ্জু রানী বলেন, ‘ছাওয়াটা মোর খালি মন খারাপ করি থাকত। কিন্তুক এবার রংপুর রোকেয়া ভাসিটিত ওয়ায় ভর্তি হইছে। শিবু এবার ভর্তিতো হইল কিন্তু পড়ার টাকা পাইবে কই, আমরা গরিব মানুষ, বাড়তি টাকা পয়সা নাই।’
আরও পড়ুন:
২৪ মিনিট দেরি, ভর্তি হতে পারলেন না শিবু