থ্যালাসেমিয়ার প্রকোপ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগের প্রকোপ বাড়ছে। এর প্রকোপ বেশি উপকূলের জেলাগুলোতে। অস্থিমজ্জা প্রতিস্থাপনে এই রোগ ভালো হলেও তার সর্বাধুনিক চিকিৎসা বাংলাদেশে শুরু হয়নি। অস্থির ক্যানসার নিরাময়ে অস্থিমজ্জা প্রতিস্থাপন চিকিৎসা এ দেশে শুরু হলেও থ্যালাসেমিয়ার ক্ষেত্রে হয়নি।
গতকাল শনিবার ঢাকা ক্লাবে রক্ত ও অস্থিমজ্জা প্রতিস্থাপন-বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সেমিনারে বিশেষজ্ঞরা এ কথা বলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগ ও বাংলাদেশ সোসাইটি অব হেমাটোলজি যৌথভাবে এই সেমিনারের আয়োজন
করে। বাংলাদেশ ছাড়াও ভারত ও যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক এতে অংশ নেন।
সেমিনারে মূলত বিভিন্ন ধরনের রক্ত রোগ, রক্ত ক্যানসার, এসব রোগের চিকিৎসা, অস্থিমজ্জা প্রতিস্থাপন প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে উপস্থাপনা ও আলোচনা হয়। প্রথম অধিবেশনে থ্যালাসেমিয়ার চিকিৎসা নিয়ে আলোচনা হয়। অধিবেশনের কো-চেয়ার সম্মিলিত সামরিক হাসপাতালের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইউসুফ বলেন, দেশে থ্যালাসেমিয়া রোগ বাড়ছে। এর প্রকোপ উপকূলীয় জেলাগুলোতে বেশি দেখা যাচ্ছে।
বিশেষজ্ঞরা বলেছেন, থ্যালাসেমিয়া বংশগত রোগ। এটা হিমোগ্লোবিনজনিত রক্তশূন্যতা। অস্থিমজ্জা প্রতিস্থাপনে এই রোগ ভালো হয়।
প্রথম অধিবেশনের পর সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্থিমজ্জা প্রতিস্থাপনের তৃতীয় বার্ষিকী কেক কেটে উদ্যাপন করা হয়। এই অনুষ্ঠানে ঢাকা মেডিকেলের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটের প্রধান এম এ খান বলেন, ২০১৪ সালের ১০ মার্চ ঢাকা মেডিকেলে প্রথম অস্থিমজ্জা প্রতিস্থাপিত হয়। এ পর্যন্ত ঢাকা মেডিকেলে ২৮ জনের অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়েছে। প্রতিস্থাপনজনিত মৃত্যুহার শূন্য। তিনি বলেন, সম্মিলিত সামরিক হাসপাতাল ও বেসরকারি অ্যাপোলো হাসপাতালে অস্থিমজ্জা প্রতিস্থাপন গত বছর শুরু হয়েছে। থ্যালাসেমিয়া চিকিৎসায় তারা ঢাকা মেডিকেলে এই প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে।
এ দেশে প্রথম অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয় ব্যাংক কর্মকর্তা ওমর আলীর। অনুষ্ঠানে ওমর আলী সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি ভালো আছেন।
ওমর আলীর চিকিৎসক দলের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের অস্থিমজ্জা প্রতিস্থাপন বিশেষজ্ঞ বিমলাংশু দে। ঢাকা মেডিকেলের প্রথম অস্থিমজ্জা প্রতিস্থাপনের অভিজ্ঞতা বর্ণনা করে বিমলাংশু বলেন, ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা এ ক্ষেত্রে ভালো করছেন।
একই অধিবেশনে ভারতের বেঙ্গালুরুর বিজিএস গ্লোবাল হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক মহেশ রাজাশেখরাইয়া বলেন, অস্থি প্রতিস্থাপনের রোগী নানা ধরনের সংক্রমণের শিকার হয় বলে বিশেষ সতর্কতা জরুরি। এ ক্ষেত্রে নার্সদের বিশেষ প্রশিক্ষণ খুবই জরুরি।