বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা আছে, তবে তা ব্যয়বহুল। বিয়ের আগে রক্ত পরীক্ষা করে দুই বাহকের মধ্যে বিয়ে রোধ করা গেলে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ সম্ভব। এর জন্য সচেতনতাও বাড়ানো প্রয়োজন। আর দরকার এই রোগ প্রতিরোধে সরকারি উদ্যোগ।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর পান্থপথে গ্রিন লাইফ মেডিকেল কলেজের সেমিনার হলে ‘থ্যালাসেমিয়া সচেতনতা ও বাহক শনাক্তকরণ’ শীর্ষক এক আলোচনা সভায় তাঁরা এ কথা বলেন। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল ও শহীদ খালেক এবং মেজর সালেক বীর উত্তম ট্রাস্ট যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক শাহ্লা খাতুন বলেন, বিয়ের আগে রক্ত পরীক্ষা করে দুই বাহকের মধ্যে বিয়ে রোধ করা গেলে থ্যালাসেমিয়া প্রতিরোধ সম্ভব। বাকি সব প্রতিরোধব্যবস্থা অনেক ব্যয়বহুল ও কঠিন। মাসে মাসে রোগীর জন্য প্রচুর রক্ত লাগে ও টাকা ব্যয় হয়।
আলোচনা সভায় বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের চিকিৎসক এ কে এম একরামুল হোসেন বলেন, থ্যালাসেমিয়া ত্রুটিযুক্ত জিনের কারণে বংশগত একটি রোগ। এই রোগ হলে নিয়মিত রক্ত সঞ্চালন ও দামি ওষুধ সেবনে রোগী মোটামুটিভাবে বেঁচে থাকতে পারে। একরামুল হোসেন আরও বলেন, থ্যালাসেমিয়া রোগীর রক্তশূন্যতা হয়, নিয়মিত রক্ত লাগে। কিন্তু, এর জন্য প্রতিমাসে ৭ থেকে ২০ হাজার টাকা খরচ হয়। তাই সবাইকে সচেতন করা প্রয়োজন। প্রয়োজন সরকারি উদ্যোগে সচেতনতা ও কার্যক্রম।
সভায় শিশু হাসপাতালের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান প্রধান সমন্বয়কারী ওয়াকার আহমেদ খান বলেন, এ দেশে শতকরা ১০ থেকে ১২ ভাগ বা দেড় কোটিরও বেশি মানুষ থ্যালাসেমিয়া অর্থাৎ হিমোগ্লোবিন-ই রোগের বাহক। বর্তমানে এ দেশে ৯০ হাজার শিশু এই রোগে ভুগছে। প্রতিবছর ১৪ থেকে ১৫ হাজার শিশু এই মরণ রোগ নিয়ে জন্মগ্রহণ করছে।
গ্রিন লাইফ হাসপাতালের শিশু বিভাগের প্রধান কাজী রাকিবুল ইসলাম বলেন, সারা বিশ্বের ১ দশমিক ৬ শতাংশ মানুষ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। মা-বাবা বাহক হলে শিশুর এই রোগ হওয়ার সম্ভাবনা ২৫ শতাংশ।
গত বছর বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল ১২৪ শিক্ষার্থীকে বিনা মূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা করায়। এ বছর তাঁরা রাজধানীর পাঁচটি প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থীকে বিনা মূল্যে পরীক্ষা করাবে। আলোচনা সভায় গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক এম এ আজহার, অধ্যাপক শামসুদ্দীন আহমেদ, অধ্যাপক শাফী আহমেদ আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।