থ্রিজি তরঙ্গ নিলামের সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন-প্রযুক্তির (থ্রিজি) তরঙ্গ নিলামে অংশ নিতে আবেদনের সময়সীমা আরেক দফা বাড়ানো হয়েছে। কাল ১ আগস্ট আবেদনের শেষ দিন থাকলেও তা বাড়িয়ে ১২ আগস্ট করা হয়েছে। নিলাম অনুষ্ঠানের সময় ২ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ৮ সেপ্টেম্বর করা হয়েছে।

আজ বুধবার এ-সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ফেব্রুয়ারি থেকে থ্রিজি লাইসেন্সের নিলাম অনুষ্ঠানের সময়সীমা তিন দফা বাড়ানো হয়। এবারেরটি চতুর্থ দফা বৃদ্ধি। গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর, রবির মূল কোম্পানি আজিয়াটা লিমিটেড ও বাংলালিংকের ভিম্পেলকম গত সোমবার বিটিআরসির কাছে কিছু দাবিসহ নিলামের জন্য এক মাস সময় বাড়ানোর আবেদন করে।

দাবিগুলো যথাসম্ভব মেনে নেওয়ায় থ্রিজি তরঙ্গ নিলামে অংশ নিচ্ছে অপারেটর কোম্পানিগুলো।

বিটিআরসি জানিয়েছে, সবাইকে লাইসেন্স দেওয়া হবে ১৫ বছরের জন্য।