তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তি (থ্রিজি) তরঙ্গের নিলাম আবেদনের সময়সীমা দুই দিন বাকি থাকতে আরও এক মাস পেছানোর দাবি জানিয়েছে তিন মোবাইল অপারেটর কোম্পানি। গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর, রবির মূল কোম্পানি আজিয়াটা লিমিটেড এবং বাংলালিংকের ভিম্পেলকম গতকাল সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে এ দাবি জানায়। বিটিআরসি সূত্রে এ তথ্য জানা গেছে। থ্রিজি নিলাম অনুষ্ঠানের সময়সীমা অপারেটরগুলোর দাবির পরিপ্রেক্ষিতে এর আগে তিন দফা বাড়িয়েছে বিটিআরসি। এদিকে নিজস্ব কার্যালয়ে বিটিআরসি গতকাল অপারেটরদের সঙ্গে থ্রিজি তরঙ্গ নিলামের নানা দিক নিয়ে আলোচনায় বসে। বৈঠকে লাইসেন্স ফি, সিমের ওপর কর, মূল্য সংযোজন কর (মূসক) কমানোর প্রসঙ্গও উঠেছে বলে জানা গেছে। কাল ৩১ জুলাইয়ের মধ্যে অপারেটরদের সব দাবি লিখিত আকারে জমা দিতে বলেছে বিটিআরসি। তবে শেষ পর্যন্ত থ্রিজি লাইসেন্সের মূসক কমছে কি না বা থ্রিজি লাইসেন্সের নিলাম আবেদনের সময়সীমাই বা বাড়ছে কি না, তা নির্ধারিত হবে আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠেয় বৈঠকে। বিটিআরসি সূত্র জানায়, আগামী ২ সেপ্টেম্বর থ্রিজি নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগেই থ্রিজি লাইসেন্সের ওপর মূসক হার কমানো এবং টু-জি লাইসেন্সের মূসক নিয়ে চলমান জটিলতার অবসান চায় অপারেটরগুলো।