থ্রিজি লাইসেন্সের জন্য আবেদনের শেষ সময় ১ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় প্রজন্মের (থ্রিজি) ইন্টারনেট সেবা প্রদানে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স পেতে আগামী ১ আগস্টের মধ্যে আবেদনপত্র দাখিলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশ থেকে এ তথ্য জানা যায়।

২৮ জুলাই বিটিআরসির আইন ও লাইসেন্স বিভাগের উপপরিচালক তারেক হাসান সিদ্দিকীর স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, ‘থ্রিজি সেলুলার মোবাইল ফোন সেবা প্রদানে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর আবেদনপত্র দাখিলের শেষ সময় ১ আগস্ট ২০১৩। এ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ঢাকার রমনা এলাকার আইইবি ভবনের দপ্তরের সামনে স্থাপিত বাক্সে বেলা সাড়ে তিনটার আগে আবেদনপত্র দাখিল করতে অনুরোধ করা হচ্ছে।’

কিছুদিন আগে বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি জানিয়েছিলেন, আসছে ২ সেপ্টেম্বরের মধ্যে দ্রুতগতির ও তারবিহীন ইন্টারনেট-সেবা প্রদানের প্রযুক্তি থ্রিজি ব্যবহারের অনুমতি দিতে বিভিন্ন কোম্পানির মধ্যে নিলাম অনুষ্ঠিত হবে। অবশ্য এর আগে নিলামের জন্য ২৪ জুন ও ৩১ জুলাই নির্ধারিত থাকলেও বিভিন্ন কারণে তারিখ পিছিয়েছিল।