থ্রিজিতে বিনিয়োগ করবে নরওয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মুঠোফোন প্রযুক্তিতে বিনিয়োগ করবে নরওয়ে। এ ছাড়া বাংলাদেশের জাহাজনির্মাণ ও জাহাজভাঙা শিল্প এবং তেল ও গ্যাসক্ষেত্রে বিনিয়োগে দেশটির আগ্রহ রয়েছে।নরওয়ের বাণিজ্যমন্ত্রী ট্রোন্ড জিসেক গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির কাছে তাঁর দেশের এই আগ্রহের কথা জানিয়েছেন। তিনি সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।২০০২ সালের জুলাই থেকে বাংলাদেশকে নরওয়ের বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেওয়ায় নরওয়ের প্রতি কৃতজ্ঞতা জানান দীপু মনি। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের জাহাজনির্মাণ, জাহাজভাঙা, গভীর সমুদ্রে তেল-গ্যাস আহরণ, তথ্যপ্রযুক্তিশিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও নরওয়ে দুই দেশই উপকৃত হতে পারে।বাংলাদেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য নরওয়েতে উচ্চশিক্ষায় বৃত্তির পরিমাণ বাড়াতে ট্রোন্ড জিসেককে অনুরোধ জানান দীপু মনি। ট্রোন্ড জিসেক বলেন, তাঁর সরকারের মালিকানাধীন টেলিনর বাংলাদেশের সবচেয়ে বড় মুঠোফোনপ্রতিষ্ঠান গ্রামীণফোনের বড় অংশের মালিক। গ্রামীণফোনের মাধ্যমে নরওয়ে বাংলাদেশের মুঠোফোনের থ্রিজি প্রযুক্তিতে অর্থ বিনিয়োগ করবে।প্রসঙ্গত, নরওয়ের বাণিজ্যমন্ত্রী ট্রোন্ড জিসেক গত শনিবার দুই দিনের সফরে ঢাকায় আসেন। নরওয়ের কোনো বাণিজ্যমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর।