থ্রিমা বন্ধ করতে সুইজারল্যান্ডকে চিঠি দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ মেসেজিংয়ের অ্যাপ্লিকেশন (অ্যাপ) থ্রিমা বন্ধ করার জন্য সুইজারল্যান্ড সরকারকে অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ। পুলিশের সাইবার ক্রাইম অ্যানালিস্ট এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি অ্যাপটি বন্ধের চেষ্টা করেও পারেনি।
সরকারের একটি ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, গুলশানের আর্টিজান বেকারিসহ বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় হামলাকারীরা থ্রিমা ব্যবহার করেছে বলে নিশ্চিত হয়েছে সরকার। বাংলাদেশে অ্যাপটি সরকার গত ১৬ মে বন্ধ করলেও জঙ্গিরা উচ্চপ্রযুক্তির সাহায্যে তা ব্যবহার করে চলেছে।
বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘অ্যাপটি বন্ধ করতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশকে অনুরোধ জানাচ্ছি। এ ছাড়া অন্য বিপজ্জনক অ্যাপস বন্ধ করতেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
বিটিআরসি ও পুলিশ সদর দপ্তর সূত্রও জানায়, জঙ্গিরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য থ্রিমাসহ অন্যান্য অ্যাপ ব্যবহার করেছে। সর্বশেষ গুলশানে জিম্মিদের নৃশংসভাবে হত্যা করার পর তার ছবি আপলোড করে তা পাঠাতে এই অ্যাপ ব্যবহার করা হয়েছে।
বিষয়টি জানিয়ে পুলিশ সদর দপ্তর থেকে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, থ্রিমার মাধ্যমে সব যোগাযোগ উচ্চ প্রযুক্তিসম্পন্ন ও সাংকেতিক হওয়ায় বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম অ্যানালিস্টরা আইনগতভাবে এই অ্যাপটিতে ঢুকতে পারছেন না। কিন্তু জননিরাপত্তার স্বার্থে অ্যাপটি বন্ধ করা জরুরি।
চিঠিতে আরও বলা হয়, অ্যাপটি তৈরি করেছে সুইজারল্যান্ডের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান থ্রিমা জিএমবিএইচ। পুলিশের সাইবার বিশেষজ্ঞেরা জানান, থ্রিমাকে নিরাপদ মেসেজিংয়ের অ্যাপ্লিকেশন হিসেবে মনে করা হয়। এটি ব্যবহার করে বার্তা পাঠানোর পর তা সার্ভার থেকে মুছে ফেলা যায়। পরিচয় গোপন রেখে এটি করা যায়, তাই ব্যবহারকারীকে শনাক্ত করা যায় না।
বিটিআরসির শাহজাহান মাহমুদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা তো অনেক আগেই এই অ্যাপ বন্ধ করে দিয়েছি। জঙ্গিরা আবার খুলেছে। আমরা চলি ডালে ডালে, তারা চলে পাতায় পাতায়। তবে আমরা চেষ্টা করছি। অন্য দেশের সহায়তা নেওয়ারও চেষ্টা করছি।’