দ. এশিয়ায় সেরা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মাননা ক্রেস্ট হাতে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ফখরুল ইসলাম।

সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ফখরুল ইসলাম। ২০২০ সালের ২৪ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত ‘ডিজিটাল ব্যবসার নতুন ফাঁদ ইভ্যালি’ শীর্ষক প্রতিবেদনের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। গত শুক্রবার রাতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি হোটেলে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস (এসএপিএসএএ) আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা।

ফখরুল ইসলামকে পুরস্কার দেওয়া হয় গণমাধ্যমের ব্যবসা ও অর্থনৈতিক শ্রেণির সেরা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে। এ ব্যাপারে এসএপিএসএএর পক্ষ থেকে বলা হয়, প্রথম আলোয় ইভ্যালি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের ই–কমার্স খাতে বাঁকবদল হয়েছে।

এই পুরস্কারের জন্য এবার ১৭টি শ্রেণিতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে মোট ৪৩৫টি আবেদন জমা পড়েছিল। জুরিবোর্ড ১২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য মনোনীত করে। বাংলাদেশ থেকে পুরস্কার পেয়েছেন ৩৫ জন।

বেসরকারি খাতের সেরা ব্যাংক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাংলাদেশের ব্র্যাক ব্যাংক। এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম তমাল পারভেজ পেয়েছেন সেরা চেয়ারম্যানের পুরস্কার। বিমা খাতে সেরা হয়েছেন ন্যাশনাল লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন। ব্যাংক খাতে আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন ইউনিয়ন ব্যাংকের বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান আবদুল কাদের। এ ছাড়া সেরা উৎপাদনশীল কোম্পানি শ্রেণিতে পুরস্কার পেয়েছে কেপিসি ইন্ডাস্ট্রিজ, এক্সপো এক্সেসরিজ ও টাচ ট্রেড ইন্টারন্যাশনাল। বিশেষ শ্রেণিতে পুরস্কার পেয়েছেন প্রাণ গ্রুপের মহাব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ সারোয়ার হোসেন ও চ্যারিটি বাংলাদেশ।

আর্থিক খাতে আউটস্ট্যান্ডিং মানবসম্পদ বিভাগ শ্রেণিতে পুরস্কার পেয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক শাহ আলম। রূপবিশেষজ্ঞ বা বিউটিশিয়ান হিসেবে আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড পেয়েছেন ফারজানা ইসলাম। বেসরকারি সংস্থা শ্রেণিতে পেয়েছে শাপলা সমাজ উন্নয়ন সংস্থা এবং শিক্ষা শ্রেণিতে গাইবান্ধার বোনারপাড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের শিক্ষক মোকসেদা পারভেজ।