দ. আফ্রিকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের পরামর্শ
দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী সহিংসতার পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের সাবধান থাকতে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দোকান ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রাখতে প্রিটোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের সার্বিক সহায়তা দেওয়ার জন্য প্রিটোরিয়ায় বাংলাদেশ দূতাবাস প্রস্তুত রয়েছে। সহিংস ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহত হননি।
বাংলাদেশসহ অন্যান্য দেশের কূটনৈতিক মিশনগুলো দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের স্ব স্ব দেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়া এবং সহিংসতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।
জরুরি প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিরা যাতে দূতাবাসে যোগাযোগ করতে পারেন, সে জন্য তিনটি হটলাইনের ব্যবস্থা করা হয়েছে। জরুরি প্রয়োজনে এসব নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে-
টেলিফোন: ০০২৭-০১২৩৪৩২১০৫-৭
মোবাইল: ০০২৭-১২-০৭৪৪৮৭১০৫৭,০০২৭-১২-০৮৪৩২৬২৮২৮