দ. আফ্রিকায় মারিকানা দিবস পালিত

দক্ষিণ আফ্রিকায় আজ শুক্রবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মারিকানার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি পালিত হয়েছে। তবে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) সব ধরনের স্মরণসভা বয়কট করেছে। এএনসি বলছে, বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন ও সেটির অর্জনকে ‘ছিনতাই’ করেছে।
বিবিসি জানায়, গত বছর দেশটির মারিকানা এলাকায় এক প্লাটিনাম খনিতে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকদের দমনে পুলিশি অভিযানে ৪৪ নিহত হন।
দক্ষিণ আফ্রিকায় ১৯৯৪ সালে বর্ণবাদী সরকারের শাসনের অবসানের পর দেশটিতে কোনো ঘটনায় এত বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা আর ঘটেনি।
আল জাজিরা জানায়, স্মরণসভায় অংশগ্রহণে ইচ্ছুক শ্রমিকদের লোনমিন প্লাটিনাম খনির কর্তৃপক্ষ কোনো বাধা দেয়নি, তবে এক দিনের বেতন কেটে রেখেছে।
এক বছর আগে এ দিনে লোনমিন প্লাটিনাম খনির ধর্মঘটী শ্রমিকদের দমনে পুলিশ গুলিবর্ষণ ও লাঠিপেটা করে। এতে ৩৪ জন শ্রমিক নিহত হন। আহত হন প্রায় ৭৮ জন শ্রমিক। ঘটনার পর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, তারা আত্মরক্ষার্থে খনিশ্রমিকদের ওপর গুলি চালিয়েছে।
এ ঘটনার পর শ্রমিক বিক্ষোভ আরো উত্তাল হয়ে যায়। পরদিন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধলে দুজন পুলিশ, দুজন নিরাপত্তা প্রহরীসহ ১০ জন মারা যান।
লোনমিন খনির শ্রমিকেরা সে বছরের ১০ আগস্ট থেকে মাসিক এক হাজার ২৫১ ডলার (প্রায় ৯৭ হাজার ২৭৭ টাকা) বেতনের দাবিতে লাগাতার ধর্মঘট পালন করে আসছিলেন।
দক্ষিণ আফ্রিকার দৈনিক ‘সিটি প্রেস’-এর বরাত দিয়ে আল জাজিরা জানায়, আজকের স্মরণসভাগুলোতে দেশটির প্রায় সব ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংঘগুলোর খনিশ্রমিকেরা অংশ নিলেও জাতীয় খনিশ্রমিক ইউনিয়নের (এনইউএম) সদস্যরা বিরত থেকেছেন।
এনইউএমের মুখপাত্র লেসিবা সেশোকা এক বিবৃতিতে বলেন, এনইউএম ও অন্যান্য ট্রেড ইউনিয়নগুলোর মধ্যে সিদ্ধান্ত হয়েছিল যে, দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্ট কাগালেমা মোতলেন্তের দপ্তর থেকে স্মরণসভা আয়োজন করা হবে। কিন্তু তথাকথিত মারিকানা সমর্থক গোষ্ঠী এ অনুষ্ঠানকে ‘ছিনতাই’ করেছে। এসব অনুষ্ঠানে কেবল বিরোধী দলের সদস্য ও সমর্থকেরা অংশ নিয়েছে।
মারিকানা হত্যাকাণ্ডের পর ক্ষয়ক্ষতির জন্য অ্যাসোসিয়েশন ফর মাইনওয়ার্কার্স অ্যান্ড কন্সট্রাকশন ইউনিয়ন (এএমসিইউ) ও এনইউএম পরস্পরকে দায়ী করেছিল।
ঘটনার পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা সাবেক বিচারক ইয়ান ফারলামকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করেছিলেন। গত বছরের অক্টোবর মাসে কমিশন কাজ করা শুরু করে।