দ. উপকূল চোরাচালানের নিরাপদ পথ!
যথাযথ নজরদারি না থাকায় দক্ষিণ বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূল চোরাচালানি চক্রের নিরাপদ রুটে পরিণত হয়েছে। সুন্দরবন ও দক্ষিণাঞ্চল-কেন্দ্রিক বেশ কয়েকটি সংঘবদ্ধ চোরাচালানি চক্র তাদের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি পণ্য চোলাচালানে ব্যবহার করছে এ অঞ্চল।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চোরাই পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে পাথরঘাটা উপজেলার জ্ঞানপাড়া, বলেশ্বর নদসংলগ্ন এলাকা, পিরোজপুরের মঠবাড়িয়া, বাগেরহাটের শরণখোলা, বরগুনার পায়রা নদী ও তালতলী এলাকা এবং পটুয়াখালীর কুয়াকাটা ও মহীপুর এলাকাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে চোরাচালানিরা। বঙ্গোপসাগরের উপকূলে প্রতিদিন মাছ আহরণের জন্য শত শত ট্রলার চলাচল করায় বন বিভাগ ও কোস্টগার্ড এসব ট্রলারে তেমন নজরদারি করে না। এই সুযোগে ওই সব চক্র দীর্ঘদিন ধরে এই রুটটিকে চোরাচালানের কাজে ব্যবহার করছে। সম্প্রতি বরগুনার পাথরঘাটা ও বাগেরহাটের শরণখোলা এলাকায় কোস্টগার্ড ও বনরক্ষীরা যৌথ অভিযান চালিয়ে বাঘের তিনটি চামড়া, হাড়গোড় ও ভারতীয় পণ্যবোঝাই বেশ কয়েকটি ট্রলার আটকের পর বিষয়টি অনেকটা নিশ্চিত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় সদস্যরা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার বাংলাবাজার গ্রামে কোস্টগার্ডের সহায়তায় সুন্দরবন পূর্ব বিভাগের লোকজন অভিযান চালিয়ে বাঘের তিনটি চামড়া ও ১৩৮ টুকরা হাড় উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া জামাল হোসেন (৩৮) র্যাব, কোস্টগার্ড ও বনরক্ষীদের পৃথক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, বাঘ শিকার ও চামড়া পাচারের সঙ্গে এই এলাকায় বেশ কয়েকটি চক্র সক্রিয়।২০০৪ সালের ২৬ আগস্ট বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঁঠালতলী ইউনিয়নের একটি বাড়িতে কোস্টগার্ড ও বনরক্ষীরা অভিযান চালিয়ে বাঘের একটি চামড়া উদ্ধার করেন। জানা গেছে, সুন্দরবন থেকে বাঘ শিকারের পর সংঘবদ্ধ চক্রটি নৌপথে দেশ ও দেশের বাইরে এসব চামড়া ও হাড় পাচার করে।সূত্র জানায়, পাথরঘাটা ক্যাম্পের কোস্টগার্ডের সদস্যরা গত ১০ ফেব্রুয়ারি পাথরঘাটার পায়রা ও বিষখালী নদীর মোহনা থেকে সাড়ে চার কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ একটি নামবিহীন ট্রলার আটক করেন। চলতি বছরের জানুয়ারি মাসে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় কাপড়সহ তাঁরা পাথরঘাটার বঙ্গোপসাগরের মোহনার লালদিয়া এলাকা থেকে আটক করেন এফবি খাজা নামের একটি ট্রলার। এটি গত বছরের নভেম্বর মাসেও প্রায় দেড় কোটি টাকার ভারতীয় কাপড়সহ আটক করা হয়েছিল বলে কোস্টগার্ড সূত্র জানায়।২০০৪ সালের ২৪ আগস্ট পাথরঘাটা-সংলগ্ন বলেশ্বর নদ থেকে কোস্টগার্ড ও বনরক্ষীরা প্রায় দুই কোটি টাকার ভারতীয় ইলেকট্রনিক-সামগ্রী বোঝাই একটি ট্রলার আটক করেন। ২০০৬ সালে পাথরঘাটার বিষখালী নদী থেকে কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার করেন রেফ্রিজারেটর ও ভারতীয় কম্প্রেশার বোঝাই আরও একটি ট্রলার। এ ছাড়া আট বছরে এই এলাকায় বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার হওয়ার সময় ইউরিয়া সারভর্তি ১০টি ট্রলার আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য জানান, তাঁদের ধারণা, গভীর বঙ্গোপসাগরে বিদেশি কোনো জাহাজ থেকে এসব অবৈধ পণ্য খালাস করে ট্রলারে তা দেশে আনা হয়।সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, এই চোরাকারবারিরা বিদেশি জাহাজ থেকে চোরাই পণ্য খালাসের পাশাপাশি সুন্দরবন থেকে বাঘের চামড়া, হাড়, হরিণের চামড়াসহ মূল্যবান সামগ্রী ভারত, মিয়ানমার ও থাইল্যান্ডে পাচার করে আসছে। এই চক্রের সঙ্গে সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু ও বনদস্যু এবং এলাকার প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে।কোস্টগার্ড পাথরঘাটার ঘাঁটি কমান্ডার জহিরুল হক উপকূলে বিভিন্ন পথে চোরাই পণ্য আসার কথা স্বীকার করে বলেন, ‘চোরাই পণ্যের বেশ কয়েকটি চালান ইতিমধ্যে ধরেছি এবং অভিযান অব্যাহত আছে।’ বর্তমানে চোরাচালান অনেকটা নিয়ন্ত্রণে আছে দাবি করে তিনি বলেন, লোকবল ও যানবাহন-সংকটের কারণে এ ব্যাপারে নিয়মিত অভিযান চালানো যাচ্ছে না।