দ. এশিয়ার গণমাধ্যমগুলো অভ্যন্তরীণ রাজনীতির শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রমোটিং সাউথ এশিয়ান আইডেনটিটি : রোল অব মিডিয়া’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেন ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম। আজ রোববার ঢাকার একটি হোটেলে নবম দক্ষিণ এশীয় অর্থনৈতিক সামিটের অংশ হিসেবে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। ছবি : আশরাফুল আলম
‘প্রমোটিং সাউথ এশিয়ান আইডেনটিটি : রোল অব মিডিয়া’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেন ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম। আজ রোববার ঢাকার একটি হোটেলে নবম দক্ষিণ এশীয় অর্থনৈতিক সামিটের অংশ হিসেবে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। ছবি : আশরাফুল আলম

দক্ষিণ এশিয়ার গণমাধ্যমগুলো এ অঞ্চলের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্দেশীয় বিরোধের শিকার হচ্ছে। এই বিরূপ পরিস্থিতির মধ্যেও দক্ষিণ এশিয়ার স্বকীয়তা বজায় রাখতে নতুন পথ খোঁজা এবং সেই পথে হাঁটতে গণমাধ্যমের কার্যকর ভূমিকা প্রত্যাশা করা হয়েছে। 

নবম দক্ষিণ এশীয় অর্থনৈতিক সামিটের একটি অধিবেশনে আজ রোববার এ বিষয়ে আলোচনা হয়। ‘প্রমোটিং সাউথ এশিয়ান আইডেনটিটি: রোল অব মিডিয়া’ শীর্ষক ওই অধিবেশন ঢাকার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এই সামিট আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।

এ সময় বক্তারা বলেন, এ অঞ্চলের সবকিছুই ভারত ও পাকিস্তানের বিরোধের মধ্যে ঢুকে পড়েছে এবং সেখান থেকে বের হওয়াটা সময়ের দাবি। সার্ক সম্মেলন স্থগিত হওয়া প্রসঙ্গে তাঁরা বলেন, এই প্রথম যে সার্ক সম্মেলন স্থগিত হয়েছে, এমনটি নয়। এর আগেও এমনটি হয়েছে। সম্মেলন স্থগিত হওয়ার কারণে সার্ক বিলুপ্ত হবে, এমনও নয়। তবে নতুন চিন্তা মাথায় রাখতে হবে।
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক নেতারা আলোচনায় অংশ নেন। অধিবেশনের মুক্ত আলোচনায় অংশ নেন ভারতের দুজন অধ্যাপকসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানের সভাপতি ও দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহ্‌ফুজ আনাম ভারত ও পাকিস্তানের বিরোধ প্রসঙ্গে বলেন, ‘আমি তাদের সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু বিরোধের জন্য ঘৃণা করি। একজন সাংবাদিক হিসেবে তাদের বিরোধ নিয়ে আমি ত্যক্তবিরক্ত।’ তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের, বাংলাদেশের সঙ্গে ভারতের এবং ভারতের সঙ্গে নেপালের বিভিন্ন ইস্যুতে সমস্যা আছে ও থাকবে। তারপরও দক্ষিণ এশিয়ার পরিচিতি ও স্বকীয়তা ধরে রাখার সুযোগ আছে।

তিনি বলেন, ‘আমরা দুই দেশের সমস্যা সমাধানের জন্য অপেক্ষা করতে পারি। কিন্তু তাদের বাইরে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও বাংলাদেশের গণমাধ্যম মিলে সহযোগিতামূলক একটি পরিবেশ তৈরির জন্য কাজ করতে পারে।’
ভারতে না পারলেও বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের সঙ্গে সংযোগ ঘটানোর চেষ্টা করতে পারে বলে মত দেন ওই সম্পাদক। তিনি বলেন, ‘আমরা অনুষ্ঠান বিনিময় করতে পারি। আমরা যথেষ্ট চেষ্টা করেছি কি না, সেটি ভেবে দেখার বিষয়।’

পাকিস্তানের ইনফোচেঞ্জ নিউজ অ্যান্ড ফিচারস নেটওয়ার্কের (আইএনএফএন) প্রতিষ্ঠাতা সম্পাদক শাফকাত মুনির আহমাদ বলেন, দক্ষিণ এশিয়ার গণমাধ্যমে রাজনীতি হচ্ছে ‘লাভলি, জুসি অ্যান্ড সেক্সি’ বিষয়। এই অঞ্চলের ক্ষুধা, দারিদ্র্য, স্বাস্থ্য ও শিক্ষার নানা সমস্যা ও বিভিন্ন সূচকে অবনতির চেয়ে রাজনীতি বেশি গুরুত্ব পায়। তিনি বলেন, বিশ্বব্যাংক এ অঞ্চলের খাদ্যনিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে তিন দশক ধরে কাজ করছে। অন্যরা চিন্তা করলেও এ অঞ্চলের গণমাধ্যমের এটা মনে থাকে না। বাইরের শক্তি এই অঞ্চলের গণমাধ্যমকে পরিচালনা করে, বাইরের বিভিন্ন বিষয় মূলত এ অঞ্চলের গণমাধ্যমের ওপর প্রভাব বিস্তার করে।

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘বাংলাদেশে ভারতের চ্যানেল সহজে দেখা গেলেও ভারতে বাংলাদেশের চ্যানেল যেতে না পারাটা দুর্ভাগ্যজনক ও দুঃখজনক। তিনি বলেন, ভারতে বাংলাদেশের চ্যানেল প্রবেশ করার ক্ষেত্রে এত বেশি পরিমাণ টাকা লাগে, যা দেওয়া আমাদের চ্যানেলগুলোর পক্ষে সম্ভব নয়।’

দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে মতিউর রহমান বাংলাদেশের একটি উদাহরণ টেনে বলেন, চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসার আগে তাঁর একটি লেখা ছাপানোর জন্য বাংলাদেশের দুটি পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টারকে দেন এবং পত্রিকা দুটি বিশেষ গুরুত্ব দিয়ে এটা প্রকাশ করে। কিন্তু চীনের প্রেসিডেন্টের অনুষ্ঠান ওই দুটি পত্রিকার সাংবাদিকদের কভার করতে দেওয়া হয়নি।
মতিউর রহমান বলেন, ‘সবকিছুর পরও আমরা স্বাধীন ও গুণগত মান বজায় রেখে সাংবাদিকতার চেষ্টা করছি, যা আমাদের ব্যবসায়িকভাবে সফল হতে সহায়তা করেছে।’ তবে তিনি মনে করেন, সাম্প্রতিক পরিস্থিতি স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য বড় চ্যালেঞ্জ। এ প্রসঙ্গে তিনি নিজের বিরুদ্ধে শতাধিক মামলার মধ্যে ৪৬টি চলমান থাকা এবং ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে ৮৬টি মামলার কথা উল্লেখ করেন।
ভুটানের কুয়েনসেল পত্রিকার সম্পাদক রিনজিন ওয়াংচুক বলেন, এ অঞ্চলের গণমাধ্যম আঞ্চলিক সহযোগিতার বিষয়ে আন্তরিক নয়। তিনি মনে করেন, দক্ষিণ এশিয়ার একক পরিচিতি হারিয়ে গেছে। দৃষ্টান্ত হিসেবে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্কের ওপর মূলত ভারত ও পাকিস্তান কর্তৃত্ব করে।
তাঁর মতে, দক্ষিণ এশিয়ার গণমাধ্যমগুলোর উচিত এ অঞ্চলের দেশগুলোর মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি এবং প্রথার লালন করা, একে অপরের সঙ্গে সেগুলো ভাগাভাগি করে নেওয়া।

একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল বলেন, দক্ষিণ এশিয়ায় কোনো ব্যক্তির পাসপোর্টে পেশা যদি সাংবাদিক হয়, তাহলে ভিসা পাওয়া খুবই কঠিন। দীর্ঘ সময় ধরে সাংবাদিকের ভিসা সহজ করার দাবি তোলা হচ্ছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গে যেতে চাইলে ট্যুরিস্ট ভিসা পাওয়া সহজ, কিন্তু সাংবাদিক হিসেবে ভিসা পাওয়া কঠিন। একই অবস্থা পাকিস্তান বা ভারতের সাংবাদিকদেরও।
বাংলাদেশে পুরোনো আইন, নতুন আইন এবং আইন না থাকার বিষয়গুলো কোনো কোনো ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে বলে মনে করেন মনজুরুল আহসান। এ প্রসঙ্গে তিনি বলেন, নতুন আইনের মধ্যে তথ্যপ্রযুক্তি আইন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আইন না থাকাটাও সমস্যা, যেমন এতগুলো টেলিভিশন চ্যানেলের লাইসেন্স কীভাবে দেওয়া হয়েছে।

নেপাল টেলিভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক শোভা শ্রেষ্ঠা বলেন, ‘দক্ষিণ এশিয়ার তরুণেরা ইউরোপ-আমেরিকার জন্য স্বপ্ন দেখে। অনেক ক্ষেত্রেই জন্মভূমি কম গুরুত্ব পায়। এ জন্য এ অঞ্চলের গণমাধ্যম ও সাংবাদিকেরা দায়ী।’ তিনি বলেন, দক্ষিণ এশিয়ার গণমাধ্যম পাশ্চাত্য গণমাধ্যমগুলোকে ব্যাপকভাবে অনুসরণই শুধু করে না, পশ্চিমা বীরদের তুলে ধরে ও সেখানকার বিভিন্ন চরিত্র প্রতিষ্ঠার চেষ্টা করে।
সাংবাদিকতা পেশায় দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ মানুষের অভাবের কথা উল্লেখ করেন শোভা বলেন, সাংবাদিকতা পেশায় এ বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের আসা উচিত। নিজ দেশে এ বিষয়ে প্রচার অভিযান চালানোর কথা উল্লেখ করেন তিনি।