দ. এশিয়ার পানি সমস্যার সমাধানে বহুপক্ষীয় উদ্যোগ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় বাংলাদেশ, ভারত, ভুটান, চীন ও নেপালের প্রায় ১০০ কোটি মানুষের বাস। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোর পানিসম্পদ ব্যবহারে সহযোগিতা আজও দ্বিপক্ষীয় কাঠামোতেই সীমাবদ্ধ। অনেক ক্ষেত্রেই এ কাঠামো সাফল্য অর্জন করেনি। দিন দিন এই অঞ্চলে বাড়ছে পানি নিয়ে বিরোধ। এ সমস্যা সমাধানে নদী অববাহিকাভিত্তিক বহুদেশীয় সহযোগিতা দরকার।‘দক্ষিণ এশিয়ার পানিসম্পদ: বৈরিতা থেকে সহযোগিতা’ বিষয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে এই অভিমত দিলেন পানিবিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুই দিনবাপী এ সম্মেলন শুরু হয়। যৌথভাবে এ সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (বেন)। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, পানির বিষয়টি সার্কের আওতায় না আনার বিষয়ে প্রতিবেশী রাষ্ট্রের চাপ ছিল। কিন্তু এখন বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি হয়েছে। বাপার সভাপতি এ এস এম শাহজাহানের সভাপতিত্বে এই অধিবেশনে আরও বক্তব্য দেন সম্মেলন আয়োজক কমিটির প্রধান অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নজরুল ইসলাম, বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন প্রমুখ। উদ্বোধনী অধিবেশনের পর ‘আন্তদেশীয় পানিসম্পদ ব্যবস্থাপনার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা’ বিষয়ে প্রথম সাধারণ অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস রয়েছে। পানি নিয়ে এই অঞ্চলে দ্বিপক্ষীয় নানা চুক্তি খুব কার্যকর হয়নি। ভারতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘বন্ধুরা আর কত দিন শত্রু-শত্রু খেলবে?’ এই অধিবেশনে ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোপাল শিবাকুটি চিন্তন বলেন, দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশের নদী কমিশনগুলো অস্বচ্ছ। এই অঞ্চলের পানি সমস্যার সমাধান করতে হলে সমন্বিত নীতিমালা প্রণয়ন করার পরামর্শ দেন তিনি। যুক্তরাষ্ট্রের অবার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এলি কেলি তাঁর বক্তৃতায় এ অঞ্চলে পানিসংক্রান্ত তথ্যের ব্যাপক ঘাটতি আছে বলে মন্তব্য করেন। পানিসংক্রান্ত তথ্য জনগণের জন্য উন্মুক্ত করার দাবি করেন তিনি। নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডগলাস হিল বলেন, সার্কের মতো আঞ্চলিক জোটগুলোতে পানি বিষয়টি আরও জোরদারভাবে উপস্থাপন করতে হবে। তিনি এ বিষয়ে বিকল্প আঞ্চলিক জোট তৈরির আহ্বান জানান। ফারাক্কা ব্যারাজ, ভারতের সম্ভাব্য আন্তনদী সংযোগ প্রকল্প, আর্সেনিক সমস্যা, টিপাইমুখ ড্যাম এবং দক্ষিণ এশিয়ার নদীগুলোর অবস্থা নিয়ে গতকাল চারটি বৈজ্ঞানিক অধিবেশনে ২০টি প্রবন্ধ উপস্থাপিত হয়। আগামীকাল চারটি বৈজ্ঞানিক অধিবেশনে ২০টি প্রবন্ধ উপস্থাপিত হবে।বিশেষজ্ঞ সভায় জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। এ ছাড়া সম্মেলনে অংশ নিয়েছেন নদী অবরোধমূলক কার্যক্রমে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সুশীল সমাজ, বেসরকারি সংগঠনের প্রতিনিধি, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নদীবিশেষজ্ঞ, পরিবেশ কর্মী ও রাজনৈতিক নেতারা।