দ. এশিয়ায় শেখ হাসিনার বিকল্প নেই: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমাদের দোষ কী বলেন? নির্বাচন না হলে সরকার অবৈধ হয়ে যেত। আমরা হতাম অবৈধ শাসক। এক-এগারোর মতো সেনা-সমর্থিত সরকার আসার সুযোগ তৈরি হতো। এ জন্য জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনা নির্বাচন করেছেন।’


আজ শনিবার বিকেলে রাজধানীর আজিমপুর সরকারি বালিকা স্কুল অ্যান্ড কলেজ মাঠে লালবাগ ও চকবাজার থানা আওয়ামী লীগের সম্মেলনে সম্প্রতি বিএনপি ও বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মধ্যবর্তী নির্বাচনের দাবি ওঠা প্রসঙ্গে নাসিম এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ কেন, পুরো দক্ষিণ এশিয়ায় শেখ হাসিনার বিকল্প নেই। তাঁর নেতৃত্বে আমরা এগিয়ে যাব।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘আমাদের নির্বাচন করার বিকল্প ছিল না। জ্বালাও পোড়াও না হলে শতকরা ৭০ ভাগ ভোট জনগণ আমাদের দিত। নির্বাচন হয়েছে, সবাই মিলে মিশে কাজ করতে হবে। বাংলাদেশ কেন, পুরো দক্ষিণ এশিয়ায় শেখ হাসিনার বিকল্প নেই। তাঁর নেতৃত্বে আমরা এগিয়ে যাব।’ তিনি বলেন, ‘সারা দুনিয়া আমাদের স্বীকার করে নিয়েছে। শেখ হাসিনার সরকার বৈধ ও নির্বাচিত। খালেদা জিয়ার কোনো চক্রান্তে কাজ হয় নাই। আগামী কয়েক বছর আরও চক্রান্ত ও ষড়যন্ত্র চলবে। এই চক্রান্ত শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার। মহাজোট সরকারকে উত্খাতের চক্রান্ত। তাই এখন উল্লাস ও দম্ভ করার সময় নয়। সংগঠনকে গুছিয়ে নিতে হবে। শেখ হাসিনাকে রক্ষা করতে হবে।’

লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।