দক্ষ কর্মী নেবে সৌদির আল-বাওয়ানি গ্রুপ
বাংলাদেশ থেকে প্রতিবছর কয়েক হাজার দক্ষ কর্মী নেবে সৌদি আরবের বৃহত্তম কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কোম্পানি আল-বাওয়ানি গ্রুপ। বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে ওই দেশের আবাসন নির্মাণকাজে এ কর্মী নেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে কর্মীদের কোনো খরচ লাগবে না। এ ছাড়া উচ্চ বেতনে দীর্ঘমেয়াদি সময়ের জন্য চাকরির সুযোগ পাবেন বাংলাদেশের দক্ষ কর্মীরা।
আজ মঙ্গলবার সকালে গাজীপুরের শিমুলতলী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই) পরিদর্শনে এসে সৌদি আল-বাওয়ানি গ্রুপের দুই সদস্যের প্রতিনিধিদল এ ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক ফাখার আবদুল মায়িন আল শাওয়াফ এবং উপদেষ্টা জে কেলভিন তিন দিনের সফরে গতকাল সোমবার বাংলাদেশে আসেন। তাঁরা গাজীপুরে টিটিটিআই পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। বিভিন্ন বিভাগের প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন ও ল্যাবরেটরি ঘুরে দেখেন। এ সময় প্রশিক্ষণার্থীদের ইংরেজি ও আরবি ভাষা এবং কাজে দক্ষতা বাড়াতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান তাঁরা।
ফাখার আবদুল মায়িন আল শাওয়াফ বলেন, সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে। অতীতেও বাংলাদেশিরা অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে সেখানকার উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যে কর্মীদের নিয়োগ দেওয়া হবে, তাঁরা বিনা খরচে সেখানে উচ্চ বেতনে দীর্ঘদিন কাজ করার সুযোগ পাবেন।
এ সময় সেনা কল্যাণ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ আহমেদ, কর্নেল জিল্লুর রহমান, টিটিটিআইয়ের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল (অব.) আছয়াদুর রহমান, ভাইস প্রিন্সিপাল মেজর (অব) শ্যামলেন্দু কবিরাজ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।