দক্ষ জনশক্তি গড়তে শিক্ষাকে বহুমাত্রিক করা হচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাকে বহুমাত্রিক করতে কাজ করছে। আজ রোববার সকালে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি–সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি যুক্ত হন।
প্রধানমন্ত্রী বলেন, ‘টেক্সটাইল, ডিজিটাল, প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আধুনিক যুগে কী কী ধরনের বিষয় লাগে, সেদিকে লক্ষ রেখেই আমরা বিভিন্ন বিশ্বদ্যিালয় প্রতিষ্ঠা করে যাচ্ছি। আমরা মেরিটাইম বিশ্ববিদ্যালয়, এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় করেছি, অর্থাৎ বিষয় নির্বাচন করে বাংলাদেশের যেসব এলাকায় যে ধরনের শিক্ষার গুরুত্ব বেশি, আমরা সেভাবেই বিশ্ববিদ্যালয়গুলো করে দিচ্ছি, যাতে সবাই শিক্ষাটা যথাযথভাবে গ্রহণ করতে পারে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, বিজ্ঞান বা প্রযুক্তি শিক্ষা বা কারিগরি শিক্ষাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা, এটা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রী শিক্ষা–সহায়তা ট্রাস্ট থেকে এদিন এক লাখ ৬৩ হাজার ৫৮২ জন শিক্ষার্থীকে মুঠোফোনের মাধ্যমে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি–সহায়তা ও চিকিৎসা অনুদান দেওয়া হয়।
সরকারপ্রধান বলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে ২০১৯-২০ অর্থবছরে ৪৫ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার টাকা উপবৃত্তি ও টিউশন ফি বাবদ বিতরণ করা হয়েছে। তিনি বলেন, কারিগরি শিক্ষার প্রসারে প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল স্থাপন করা হচ্ছে এবং প্রতিটি বিভাগীয় সদরে মেয়েদের জন্য একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হচ্ছে। প্রতি জেলায় একটি করে সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ও করা হচ্ছে।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার সব জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছে যেন ছেলেমেয়েরা ঘরের খেয়ে মা–বাবার চোখের সামনে থেকে পড়ালেখা করতে পারে। প্রাথমিকসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়াতে সরকার ছাত্র–ছাত্রী উভয়ের জন্য বর্ধিত হারে উপবৃত্তি দিচ্ছে। ফলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে লিঙ্গসমতা অর্জনে বাংলাদেশ বিশ্বে প্রশংসা অর্জন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘লিঙ্গ সমতার ক্ষেত্রে আমি একটু বলতে চাই, দেখা যাচ্ছে যে মেয়েদের সংখ্যাই বেশি এবং ছেলেদের সংখ্যাটা কমে যাচ্ছে। সেটা যেন না হয়, সেদিকে একটু নজর দেবেন। ছেলেরা কেন কমে যাচ্ছে, তা একটু দেখা দরকার।’
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বক্তৃতা দেন। পিএমও সচিব তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানের সঙ্গে পটুয়াখালীর গলাচিপা, সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলা ও বান্দরবান সদর উপজেলা সংযুক্ত ছিল। প্রধানমন্ত্রী পরে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।