বায়রার আলোচনায় শ্রমমন্ত্রী
দক্ষ জনশক্তি গড়তে ৩৫টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে
দেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে নতুন পাঁচটি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটসহ মোট ৩৫টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এগুলোতে ৪৬টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে প্রতিবছর এক লাখ কর্মী প্রশিক্ষণের সুযোগ পাবেন।গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) এ আলোচনা সভার আয়োজন করে।খন্দকার মোশাররফ বলেন, অভিবাসন ব্যয় অত্যধিক হওয়ায় বিদেশে বাংলাদেশের শ্রমবাজার অধিকতর সম্প্রসারণ হচ্ছে না। তাই অভিবাসন ব্যয় সহনীয় ও যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, বিদেশে বাংলাদেশি কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। কম খরচে কর্মী পাঠালে এই চাহিদা অনেক বেড়ে যাবে। এ জন্য রিক্রুটিং এজেন্সির মালিকদের সহযোগিতা কামনা করেন তিনি।বায়রার সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান; জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী; বায়রার সাধারণ সম্পাদক আলী হায়দার চৌধুরী প্রমুখ।