
গত আগস্টে আইনমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষের সম্মতিতে হাইকোর্টে অতিরিক্ত আটজন বিচারক নিয়োগের জন্য সরকারকে পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু চার মাস পরও এই নিয়োগ দেওয়া হলো না। এ মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
প্রধান বিচারপতি বলেছেন, নিম্ন আদালতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়নের ক্ষেত্রে সৎ, দক্ষ ও মেধাবী বিচারক নিয়োগ দিতে চাইলেও নানা বাধার সম্মুখীন হতে হয়। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৬’ উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিধান বাতিল প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, একটি গণতান্ত্রিক সরকার পাঁচ বছর দেশ শাসন করতে পারবে কিন্তু স্বাধীন ও নিরপেক্ষভাবে কোনো নির্বাচন দিতে পারবে না। এটা রাজনীতিবিদদের জন্য দেউলিয়াপনা। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আসার পর বিচারপতিদের নিয়ে রাজনীতি আরম্ভ হয়ে যায়। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতিরা দায়িত্ব পালনের কারণে রাজনীতিতে জড়িয়ে পড়েন। ত্রয়োদশ সংশোধনীর ফলে অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচনকে একটি মহলের খেয়ালখুশিমতো পরিচালনার ব্যবস্থা হয়েছিল। ত্রয়োদশ সংশোধনী আইন রাষ্ট্রের মূলভিত্তি জনগণের সার্বভৌমত্ব, রাষ্ট্রের প্রজাতান্ত্রিক ও গণতান্ত্রিক পরিচয় খর্ব করায় দেশের সর্বোচ্চ আদালত তা অসাংবিধানিক ও অবৈধ বলে ঘোষণা করেন।
বিচারক-স্বল্পতা প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, বর্তমানে আপিল বিভাগে নয়জন বিচারক, তাঁদের মধ্যে একজন অসুস্থ। হাইকোর্ট বিভাগের ৮৯ জন বিচারকের মধ্যে ৩ জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়িত্ব পালন করছেন। অন্য ৭ জন অবসর নিচ্ছেন। ফলে বেঞ্চ গঠনে প্রধান বিচারপতিকে হিমশিম খেতে হচ্ছে প্রতিদিন।
বিশেষ আদালতগুলোতে স্থান সংকুলানের তীব্র অভাবের কথা তুলে ধরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, প্রায়ই সরকার নতুন আইন করে বিভিন্ন ধরনের ট্রাইব্যুনাল গঠন করছে। এসব ট্রাইব্যুনালের জন্য পৃথক আদালত ভবন, পরিকাঠামো নির্মাণ, রেকর্ড রুম ও বসার জায়গা অপরিহার্য হলেও সরকার এ বিষয়ে সব সময় উদাসীন।
দীর্ঘদিন সাক্ষী না আসার ফলে ঝুলে থাকা ফৌজদারি মামলাগুলোর নিষ্পত্তি বিষয়ে প্রধান বিচারপতি বলেন, সাক্ষী হাজির না করার ফলে ফৌজদারি মামলা অযথা বিলম্ব হচ্ছে। সাক্ষী হাজির করার দায়িত্ব পুলিশের। পুলিশ প্রশাসন অপরাধীদের গ্রেপ্তার করার ব্যাপারে যতটা পারদর্শী, সাক্ষী উপস্থিতির ক্ষেত্রে ততটা পারদর্শী নয়। বিচারকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আর ৩০ লাখ মামলার দায়িত্ব ঘাড়ে নিতে পারব না। আপনারা ফৌজদারি কার্যবিধির ২৬৫ এইচ ও ২৪৯ অনুযায়ী প্রসেস ইস্যু করবেন, সাক্ষী না আসলে ওয়ারেন্ট ইস্যু করবেন। আমরা আর দায়িত্ব নেব না।’
প্রধান বিচারপতি বলেন, পুরাতন হাইকোর্ট ভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নেওয়ার অনুরোধ করা হলেও এর কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি। তিনি বলেন, রাষ্ট্রের কোনো অঙ্গ-বিভাগ বা সংস্থার সমালোচনা করছেন না তিনি। কিন্তু রাষ্ট্রের প্রতিটি সংস্থা অন্য সংস্থার ওপর আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত। শুধু সংস্থা বা প্রতিষ্ঠানগুলোই নয়, রাষ্ট্রের বিভাগগুলোও এ প্রতিযোগিতার বাইরে নেই। শুধু বিচার বিভাগই এর ব্যতিক্রম। বিচার বিভাগ এ প্রতিযোগিতায় কখনো প্রতিদ্বন্দ্বিতা করেনি এবং করবেও না।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী বলেন, পুলিশের কথায় হুট করে রিমান্ড দেবেন না। বিচারকদের সাহস থাকতে হবে, সাহসী হলেই বিচারব্যবস্থায় আসবেন। যাঁদের সাহস নেই, তাঁরা ছেড়ে চলে যান।
সভাপতির বক্তব্যে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বলেন, রিমান্ডের ব্যাপারে আপিল বিভাগের দেওয়া রায়টি অনুসরণ করলে অনেকখানি সমস্যার সমাধান হয়ে যাবে। ফৌজদারি মামলা আমলে নেওয়ার ক্ষেত্রে বিচারকদের মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার হোসনে আরা আকতারের সঞ্চালনায় অন্যদের মধ্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, মনোনীত জেলা জজ হিসেবে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য গোলাম মর্তুজা মজুমদার, এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানে বিচার বিভাগীয় তথ্য বাতায়নের উদ্বোধন করেন প্রধান বিচারপতি। দুই দিনের এই জাতীয় সম্মেলন আজ শেষ হবে।