দক্ষ মানবসম্পদ গড়তে চাহিদা ও কাজভিত্তিক শিক্ষা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ আন্তর্জাতিক চাকরির বাজারের সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষা কর্মসূচি গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চাহিদা ও কাজভিত্তিক শিক্ষা দরকার। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সমাবর্তনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। খবর বাসসের।
আবদুল হামিদ আরও বলেন, জাতি গঠনের প্রধান হাতিয়ার হচ্ছে মানসম্পন্ন শিক্ষা। কেবল অর্থনৈতিক উন্নয়নের জন্যই নয়, বরং এটি জ্ঞান অর্জন এবং অসাম্প্রদায়িক চেতনা, সর্বোপরি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগানোর একমাত্র পথ। তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে অবশ্যই মনে রাখতে হবে যে কেবল সার্টিফিকেট অর্জনের জন্য আমাদের শিক্ষার প্রয়োজন নেই; বরং জাতিকে এগিয়ে নিতে আমাদের আলোকিত মানুষ ও সৃজনশীল ব্যক্তিত্ব গড়ার শিক্ষা প্রয়োজন।’
রাষ্ট্রপতি বিইউপির নাম পরিবর্তনের পরামর্শ দিয়ে বলেন, এখানে কেবল পেশাজীবীরাই নন, সাধারণ শিক্ষার্থীরাও পড়াশোনা করেন। কাজেই এর নাম পরিবর্তন হওয়া দরকার। এর নাম হওয়া দরকার ইউনিভার্সিটি অব এক্সিলেন্স, বাংলাদেশ।
সশস্ত্র বাহিনী পরিচালিত বিইউপি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি দেশের ৩০তম সরকারি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল শেখ মামুন খালেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান প্রমুখ। সমাবর্তনে ৮৩৫ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়। এ ছাড়া অসামান্য অবদানের জন্য ১৪ জনকে স্বর্ণপদক দেওয়া হয়।