দক্ষ মোটরবাইকচালক তৈরির উদ্যোগ ইয়ামাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাফিক জ্যাম এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে জুড়িহীন যান হলো মোটরবাইক। উপরন্তু বিভিন্ন রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের আত্মপ্রকাশে মানুষও মোটরবাইকে সচ্ছন্দ হচ্ছেন। তবু থেকে যাচ্ছে দুর্ঘটনার শঙ্কা। কারণ, যেকোনো যাত্রারই পূর্বশর্ত নিরাপত্তা ও সুরক্ষা। সেটা যেমন চালকের, তেমনি সহযাত্রীরও। আর সেটা নিশ্চিত হওয়ার মধ্য দিয়েই সড়ক হবে নিরাপদ। ঠিক এ বিষয়কে গুরুত্ব দিয়েই ইয়ামাহা শুরু করেছে মোটরবাইকচালকদের দক্ষ করে গড়ে তোলার প্রয়াস।

কারণ, এখন কেবল পুরুষ নন, নারীরাও মোটরবাইক চালাচ্ছেন। এ কারণে তাঁদেরও প্রয়োজন চালক হিসেবে দক্ষতা অর্জন করা। তবেই সড়ককে নিরাপদ করতে তাঁরাও ভূমিকা রাখতে পারবেন। এ জন্য কেবল পুরুষ নয় বরং নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ইয়ামাহা।

২০১৭ সালে যাত্রা শুরু করে ইয়ামাহা রাইডিং একাডেমি। আর এ একাডেমি আগ্রহী চালকদের বাইক রাইডিংয়ে সুলভে প্রশিক্ষণ দিয়ে আসছে। ইয়ামাহা রাইডিং একাডেমি আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশে সফলভাবে বহুদিন ধরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে ঢাকার তেজগাঁওয়ের বিজি প্রেস স্কুল মাঠে এবং ফরিদপুরের ঈশান বালিকা উচ্চবিদ্যালয় মাঠ ও মুজিব সড়কে এ প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে আগ্রহী ব্যক্তিদের রয়েছে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ। এ ছাড়া এখানে প্রশিক্ষণের পাশাপাশি বাইকারদের সহজ উপায়ে লার্নার লাইসেন্স করতেও সহায়তা করা হয়। এসিআই মোটরসের ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ১০০টির বেশি ক্লাস হয়েছে বাংলাদেশের ইয়ামাহা রাইডিং একাডেমিতে। এখানে প্রতি ক্লাসে ৪০ জন করে সপ্তাহে দুটি ক্লাসে শিক্ষার্থীদের মোটরবাইক চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।

এ রাইডিং একাডেমির শুরুর দিকে অন্যতম লক্ষ্য ছিল, নারীদের মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া। কারণ, দেশে নারীদের মোটরসাইকেল চালানো শেখার পর্যাপ্ত সুব্যবস্থা অনেক কম। রাইডিং একাডেমিতে এখন পর্যন্ত ৪ হাজারের বেশি বাইকারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার মধ্যে ১ হাজার ৫০০ জনের বেশি নারী। চাহিদা বিবেচনায় দেশে নারী বাইকাররাই অধিক আগ্রহ দেখিয়ে আসছেন বাইক চালনা প্রশিক্ষণের ব্যাপারে। কিন্তু দেশে রাইড শেয়ারিং পেশায় নিয়োজিত ও ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের মালিকানায় যেসব পুরুষ রাইডার বাইক চালান, তাঁদের মধ্যে নিরাপদে ও দক্ষভাবে বাইক চালানোর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের যথেষ্ট অভাব রয়েছে। এসব দিক বিবেচনায় বর্তমানে ইয়ামাহা রাইডিং একাডেমিতে নারী ও পুরুষ—উভয়ের জন্যই প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

জাপানি প্রশিক্ষকদের দ্বারা হাতে–কলমে প্রশিক্ষিত প্রশিক্ষকেরাই এখানে শিখিয়ে থাকেন বাইক চালনার খুঁটিনাটি। নারী রাইডারদের জন্য সদা নিয়োজিত আছেন বেশ কয়েকজন অত্যন্ত দক্ষ নারী প্রশিক্ষক। ক্ষেত্র বিশেষে তাঁরা উৎসাহী নারী বাইকারদের পরিবারের সদস্যদের কাউন্সেলিংও করে থাকেন পরিবারের নারী সদেস্যের বাইক চালনার ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য। এখানে শিখতে আসা বহু নারী বাইকার তাঁদের সন্তুষ্টি প্রকাশ করতে গিয়ে বলেন, ইয়ামাহা রাইডিং ক্লাবে অত্যন্ত আন্তরিকতা সহকারে সুলভে প্রশিক্ষণ মিলছে, যা সত্যিকারের কাজে আসছে সড়কে বাইক চালনার ক্ষেত্রে।

ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ—এসিআই মোটরস লিমিটেডের ফেসবুক পেজ থেকে ফরমের লিংক অথবা এ পেজের মেসেজের মাধ্যমে ফরমের লিংক নিয়ে ফরমটি পূরণ করে রেজিস্ট্রেশন ফি দিয়ে অতি সহজেই যেকোনো প্রাপ্ত বয়স্ক পুরুষ বা নারী এ প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে ন্যূনতম যোগ্যতা হিসেবে অন্তত সাইকেল চালনার ব্যাপারে ধারণা থাকতে হবে প্রশিক্ষণার্থীদের।

রাইডিং ট্রেনিং কার্যক্রমটি দেশব্যাপী ছড়িয়ে দিতে বর্তমানে স্পিড গার্ল রাইডিং ট্রেইনার হান্টের মাধ্যমে ৬৪ জেলার নারী ট্রেইনার নিয়ে কাজ শুরু করেছে এসিআই মোটরস ইয়ামাহা, যার মূল লক্ষ্য নারীদের স্বাবলম্বী হতে সাহায্য করা। এ কার্যক্রমে প্রতি জেলায় একজন করে নারী ট্রেইনারকে স্বল্প মূল্যে ‘YAMAHA RAY ZR STEET RALLY’ বাইক প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে এসিআই মটরস লিমিটেড। প্রতিটি জেলায় যেসব মেয়েরা স্কুটার চালানোর ইচ্ছা থাকা সত্ত্বেও ট্রেইনারের অভাবে প্রশিক্ষণ নিতে পারছেন না, তাঁদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে নিজেদের আত্মনির্ভরশীল করার জন্যই এ ভিন্নধর্মী উদ্যোগ এসিআই মোটরস লিমিটেডের। ইতিমধ্যে আটটি জেলায় (চট্টগ্রাম, বরিশাল, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী ও পাবনা) YAMAHA RAY ZR STREET RALLY স্কুটার প্রদানের মাধ্যমে SPEED GIRL RIDING TRAINER প্রজেক্টের সূচনা করা হয়েছে। এখানে মেয়েদের নিরাপত্তা ও সুরক্ষার কথা বিবেচনা করে হেলমেট, সেফটি গার্ড ও বিভিন্ন অ্যাক্সেসরিজ প্রদান করা হচ্ছে।

এ রাইডিং একাডেমির প্রশিক্ষণের নানা দিক তুলে ধরতে গিয়ে এসিআই মোটরস লিমিটেডের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস বলেন, ‘ছয়-সাত লাখ মোটরসাইকেল যেখানে বিক্রি হচ্ছে, দুই–আড়াই লাখ মানুষ বাইক চালানো শুরু করছে; এখন তাদেরকে সঠিক প্রশিক্ষণ দেওয়াটা অত্যন্ত জরুরি। এ বছর ৬৪ জেলাতেই ডিলার পয়েন্টের কাছাকাছি কোনো স্থানে এ প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি।